এ মুহূর্তের সংবাদ

রাউজানে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি রাঙ্গুনিয়ার ইউপি চেয়ারম্যানের ভাই

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে এক যুবককে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার পাহাড়তলী মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মাকসুদ চৌধুরী (৪৫)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মৃত ফারুক চৌধুরীর ছেলে। মাকসুদ চৌধুরী ওই ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম স্বপনের ছোট ভাই বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তি রাঙ্গুনিয়ার বাসিন্দা ও বেতাগীর স্বপন চেয়ারম্যানের ভাই বলে আমরা জানতে পেরেছি।

ওসি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।