এ মুহূর্তের সংবাদ

পণ্য খালাসে দীর্ঘসূত্রতা কমাতে এনবিআরকে চিটাগাং চেম্বারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক »

আমদানিকৃত পণ্যের শুল্কায়ন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও আন্তর্জাতিক মানসম্মত করার আহ্বান জানিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।

-advertise-

এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিবের কাছে একটি স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

রোববার (১২ জুলাই) পাঠানো স্মারকলিপিতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ব্যবসা-বাণিজ্যের গতি বৃদ্ধি, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ করা এবং জাতীয় অর্থনীতির প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে শুল্কায়ন প্রক্রিয়ায় সংস্কার এখন সময়ের দাবি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে একই পণ্যের ওপর একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা, কনটেইনার স্ক্যানিংয়ের পরও পুনরায় কায়িক পরীক্ষা, বিভিন্ন সংস্থার পৃথক অনুমোদন এবং ল্যাব পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে বন্দরে পণ্য খালাসে অযৌক্তিক বিলম্ব হচ্ছে। এতে আমদানিকারকদের অতিরিক্ত ডেমারেজ, কনটেইনার ভাড়া, গুদাম ব্যয়সহ ব্যবসা পরিচালনার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে।

চট্টগ্রাম চেম্বারের মতে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঝুঁকিভিত্তিক (Risk Management) শুল্ক ব্যবস্থাপনা, পোস্ট ক্লিয়ারেন্স অডিট, প্রি-অ্যারাইভাল প্রসেসিং এবং আধুনিক কাস্টমস ব্যবস্থাপনা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে বন্দরে পণ্যজট কমবে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ হবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, একই পণ্যের বারবার পরীক্ষা ও অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ব্যবসার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। ফলে উৎপাদন ব্যয় বাড়ছে, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমছে এবং আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

চট্টগ্রাম চেম্বার শুল্কায়ন প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় ধাপ কমানো, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি, পরীক্ষার সময়সীমা নির্ধারণ, ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দ্রুত পণ্য খালাস নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে এনবিআর চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছে।

সংগঠনটির আশা, এসব সংস্কার বাস্তবায়িত হলে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আসবে, ব্যবসার পরিচালন ব্যয় কমবে এবং দেশের সামগ্রিক বিনিয়োগ ও বাণিজ্য পরিবেশ আরও উন্নত হবে।