সুপ্রভাত ডেস্ক »
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর পরিচালক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘দেশের মানুষের জন্য কাজ করতে কোন পদ-পদবি বা রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন হয় না। আন্তরিকতা এবং চেষ্টাই যথেষ্ট।
তিনি বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) হাটহাজারী রিসার্চ ও ফার্ম-বেইসড ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘মাসব্যাপী বক্ষৃরোপণ ও বিতরণ কর্মসূচি ২০২৬’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন করা হয়েছে আত্মমানবতার সেবায় নিয়োজিত হওয়ার জন্য। এই সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রান্তিক পর্যায়ের জনগণকে স্বাবলম্বী করার জন্য এবং সহায়তা করার জন্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছিল। শুরু থেকে আজ অবধি এই সংগঠনেরর প্রতিটি কর্মকান্ড দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কল্যাণে এবং দেশের উন্নয়নে পরিচালিত হয়ে আসছে। আমি এই সংগঠনের একজন কর্মী হতে পেরে গর্ববোধ করি। এটা সবসময় জরুরি না যে দেশের মানুষের জন্য কাজ করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে।
ভূমি প্রতিমন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন গত ১৭ বছর ধরে যেকোন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। কোভিড হোক, বন্যা হোক, দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগে সবসময় সাহায্য সহযোগিতা নিয়ে মানুষের পাশে থেকেছে। সেবার জন্য কোন পদ-পদবি বা ক্ষমতার প্রয়োজন হয় না। আন্তরিকতা এবং চেষ্টাই যথেষ্ট। এটা জিয়াউর রহমান ফাউন্ডেশন বার বার প্রমাণ করেছে।
এর আগে একটি নিম গাছের চারা রোপণ করে প্রতিমন্ত্রী মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।
‘বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ লুৎফুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান, সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল হক এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ও সিভাসু শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ‘বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ২০২৬’ বাস্তবায়নের কর্মপরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের (কৃষি) মনিটর প্রফেসর ড. মো. আহসানুল হক।
স্বাগত বক্তব্য রাখেন সিভাসু’র জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি এবং মেডিসিন ও সার্জারি বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় প্রায় ১০০০ ফলদ ওষুধিসহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হবে। সিভাসু’র হাটহাজারী রিসার্চ ও ফার্ম- বেইসড ক্যাম্পাসের পাশাপাশি দুটি স্থানীয় বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং স্থানীয় ২৫জন কৃষকের মাঝেও গাছের চারা বিতরণ করা হবে।





















































