সুপ্রভাত ডেস্ক >>
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক ভাইস-চ্যান্সেলর ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহমুদুল মতিন ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি ডিগ্রি অর্জনের জন্য নয়; শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠার সময়। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান যেন শুধু পরীক্ষার খাতায় সীমাবদ্ধ না থাকে, বরং মানুষের কল্যাণে কাজে লাগে—সেদিকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ভবিষ্যতে যে পেশাতেই যাওয়া হোক না কেন, সততা ও নৈতিকতা ধরে রাখতে হবে। শুধু ভালো চাকরি বা বেশি বেতন পাওয়াই জীবনের সাফল্যের মাপকাঠি নয়। মানুষের জন্য কাজ করার মানসিকতা ও নৈতিক মূল্যবোধই একজন মানুষকে প্রকৃত অর্থে সফল করে তোলে।
অনুষ্ঠানে আইআইইউসির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া বলেন, সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আইআইইউসির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী সময়কে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সময় দ্রুত চলে যায়। তাই শিক্ষার্থীদের সময়ের সদ্ব্যবহার করে আগে থেকেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, একাডেমিক কার্যক্রম, পরীক্ষা, লাইব্রেরি, পরিবহন, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা সম্পর্কে পৃথক ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
























































