ক্যাম্পাস

জিপিএ-৫ জীবনের চূড়ান্ত অর্জন নয়, সফলতা ধরে রাখতে হবে: চবি উপাচার্য

চবি প্রতিনিধি >>

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেছেন, জিপিএ-৫ জীবনের চূড়ান্ত অর্জন নয়; এটি সফলতার পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা। এই ফলাফলকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মেডিকেল, প্রকৌশল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

---------

রোববার (৩০ আগস্ট) বিকেলে হাটহাজারী উপজেলার ফতেপুরের মদনহাটে অবস্থিত ফতেপুর ইউনিয়ন গণপাঠাগারের উদ্যোগে ফতেপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, একদিন শিক্ষার্থীদের পরিচয় যেন শুধু ভালো ফলাফলকারী হিসেবে নয়, বরং সফল চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক কিংবা সরকারি কর্মকর্তা হিসেবে হয়—সেভাবে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি বৃহৎ বিদ্যাপীঠ ফতেপুরের কাছেই থাকা সত্ত্বেও স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ আশানুরূপ নয়। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার স্বপ্ন তৈরি করতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার পড়াশোনায় বাধা সৃষ্টি করছে। সময়ের সঠিক ব্যবহার করে জ্ঞান অর্জন ও ভবিষ্যৎ গঠনে মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে আগামী দিনে দেশ ও জাতির সেবায় ভূমিকা রাখতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন পাঠাগারের সাবেক সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মো. মোজাম্মেল হক, চবির অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. সেকান্দর মিয়া, চবি সিনেট সদস্য শ. ম. নজরুল ইসলাম, মো. বখতেয়ার মিয়া, অধ্যাপক আবদুল ওয়াহাব, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মুছা ছিদ্দিকীসহ অনেকে।

ফতেপুর ইউনিয়ন গণপাঠাগারের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পাঠাগারের সদস্য সচিব মো. ফরিদ উদ্দিন আখতার।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।