চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীদের নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বুদ্ধিজীবী চত্বরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের সার্বিক সহযোগিতায় ন্যাশনাল ডক্টরস ফোরামের বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসাসেবা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোঃ আল আমীন, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি,জিএস সাঈদ বিন হাবিব এবং এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। এছাড়াও উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক এবং বোর্ড অব ডিরেক্টরস মিসেস আমেনা শাহীন।
উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সফিকুল ইসলাম বলেন, ‘গতানুগতিক যে রাজনীতি তা থেকে বেরিয়ে এসে নতুন ধারার কাজ করে যাচ্ছে চাকসু। আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে আর্থিক সীমাবদ্ধতা এবং লোকলজ্জার কারণে ছাত্রীরা বিভিন্ন রোগের কথা বলতে পারে না। চাকসুর এ আয়োজনের কারণে আমাদের ছাত্রীরা একদিকে স্বাস্থ্যসেবা পাবেন এবং তাদের রোগ সম্পর্কে সচেতন হতে পারবেন। একটি সুন্দর একাডেমিক এবং কো কারিকুলাম এক্টিভিটির জন্য ছাত্রীদের সুস্থ থাকা অনেক জরুরি।’
উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোঃ আল আমিন বলেন,’চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল চাকসুর সাথে যে উদ্যোগ নিয়েছেন তা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল ফ্যাসিলিটি আছে, তাতে অনেক কিছুই আমরা কাভার করতে পারি না। মেয়েদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যা থাকে,আমরা যদি তা সঠিক সময়ে সমধান করতে পারি, তা তাদের জন্য অনেক উপকারী। আমি এমন একটি একটি বিশ্ববিদ্যালয় চাই,যেখানে শিক্ষার্থীর উন্নতির জন্য বিভিন্ন সংপগঠন বিভিন্ন কাজ করে যাবে।’
চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, আমাদের আজকের এ আয়োজনে ১১০০ এর বেশি ছাত্রী রেজিস্ট্রেশন করেন। আমাদের মেডিকেল সেন্টারকে কিভাবে আরও আধুনিক করে সাজানো যায় সে বিষয়গুলি দেখার জন্য স্যারদের আমি অনুরোধ জানাবো।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরস মিসেস আমেনা শাহীন বলেন,’একটা মেয়ে বিভিন্ন জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যা ফেস করে। আমাদের ফিউচার জেনারেশন যেন সুস্থ থাকে সেজন্য আমরা কাজ করে যাবো। একজন মহিলা একটা পরিবারের হেড। তিনি সুস্থ না থাকলে বাচ্চারা সুস্থ হতে পারবে না।’
ডা এ কে এম ফজলুল হক বলেন,’আমরা কিছুদিন আগেও চাকসু কতৃক একটা মেডিকেল ক্যাম্প করেছি। আগামীতে আমরা বিশেষায়িত হাসপাতাল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা এমন ব্যাবস্থা করতে চাই যাতে চিকিৎসার জন্য ঢাকা যেতে না হয়। আমরা চবির সাথে একটা চুক্তি করেছি যাতে শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট করেছি। এতে বিভিন্ন টেস্টের জন্য সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছি। এ বিশ্ববিদ্যালয় যাতে আন্তর্জাতিক মানে এগিয়ে যায় এ আশাই ব্যাক্ত করছি।’
চিকিৎসাসেবা নেওয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, “আমি ডার্মাটোলজি বিভাগের ডাক্তার দেখানোর জন্য শহরে যাই। তবে আজ ক্যাম্পাসেই ডাক্তার দেখাতে পেরেছি এবং ফ্রিতে ওষুধও পেয়েছি। আশা করবো, চবি মেডিকেল সেন্টারে যেন বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা পাওয়া যায়।”





















































