বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
এ মুহূর্তের সংবাদ

চট্টগ্রামে ঢাকা পোস্টের নতুন অফিসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক »

দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আকাশজুড়ে মেঘ আর কিছুটা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থেমে থাকেনি আয়োজন। এমন বর্ষণমুখর পরিবেশেই চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের চট্টগ্রাম অফিস।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে নগরের কাজীর দেউড়ী এলাকার এস এস খালেদ রোডের কর্ণফুলী টাওয়ারে নতুন এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম। এসময় চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় কার্যালয়টি।

অনুষ্ঠানে ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে ঢাকা পোস্ট ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে এবং অল্প সময়ের মধ্যেই দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। তাই এখানে আঞ্চলিক অফিস চালুর মাধ্যমে স্থানীয় সংবাদ আরও দ্রুত, গভীর ও নির্ভুলভাবে সংগ্রহ ও যাচাই করে পাঠকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমরা শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ থাকতে চাই না, বরং অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতাকে আরও জোরদার করতে চাই। দেশের মানুষের নিত্যদিনের সমস্যা, অনিয়ম-দুর্নীতি ও উন্নয়ন-সম্ভাবনাগুলোকে সামনে আনার ক্ষেত্রে ঢাকা পোস্ট অগ্রণী ভূমিকা রাখতে চায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান। তিনি বলেন, ঢাকা পোস্ট পোর্টালের পাঠকসংখ্যা কল্পনার বাইরে। খুব অল্প সময়ের মধ্যে এই গণমাধ্যমটি যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে, তা সত্যিই বিস্ময়কর। একসঙ্গে ১ লাখ ১৪ হাজার ট্রাফিক পাওয়া দেশের অনলাইন সংবাদমাধ্যমগুলোর জন্য বড় একটি অর্জন, যা সাধারণত খুব কম প্ল্যাটফর্মেই দেখা যায়। এই ধারা অব্যাহত থাকলে ঢাকা পোস্ট আরও অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসেন তৌফিক ইফতিখার বলেন, ঢাকা পোস্ট ইতোমধ্যে তার সক্ষমতা প্রমাণ করেছে এবং ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। তবে এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হলে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা বাড়াতে হবে। সত্য তুলে ধরার ক্ষেত্রে আপস না করে আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর বলেন, বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যের প্রাণকেন্দ্র হচ্ছে চট্টগ্রাম। এই অঞ্চলকে বাদ দিয়ে দেশের সামগ্রিক চিত্র কল্পনা করা যায় না। তাই জাতীয় গণমাধ্যম হিসেবে ঢাকা পোস্টের উচিত চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা এবং এখানকার ইস্যুগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরা।

ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক আদনান রহমান বলেন, শুরু থেকেই ঢাকা পোস্ট চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এই গুরুত্ব অব্যাহত থাকবে। ঢাকায় রিপোর্টিংয়ের ক্ষেত্রে ঢাকা পোস্টের সাংবাদিকরা বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন। এখন আমাদের লক্ষ্য, চট্টগ্রাম থেকেও যেন মানসম্মত রিপোর্টিংয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করা যায়।

দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন রেজা বলেন, ঢাকা পোস্ট অল্প সময়ে যে আস্থা অর্জন করেছে, সেটি ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই আস্থা অটুট রেখে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে পারলে এই গণমাধ্যম আরও জনপ্রিয় হয়ে উঠবে। আঞ্চলিক অফিস চালুর ফলে সংবাদ সংগ্রহ ও প্রকাশনার গতি আরও বাড়বে।

দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, ঢাকা পোস্টের চট্টগ্রাম আঞ্চলিক অফিস উদ্বোধন নিঃসন্দেহে একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হলেও অনেক সময় এখানকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয় না। এই আঞ্চলিক অফিস চালুর মাধ্যমে সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে এবং স্থানীয় সাংবাদিকতার মান আরও উন্নত হবে বলে আমরা আশা করছি।

অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢাকা পোস্টের কার্যক্রম সম্প্রসারণ একটি সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত। দেশের প্রত্যেকটি দায়িত্বশীল গণমাধ্যমের উচিৎ চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে তাদের কর্মপরিকল্পনা করা। ঢাকা পোস্ট চট্টগ্রাম অফিসের যাত্রা শুরুর মধ্য দিয়ে এখানকার স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম আরও গুরুত্বের সঙ্গে জাতীয় পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে।

ঢাকা পোস্ট চট্টগ্রাম অফিসের নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা পোস্টের প্রধান বার্তা সম্পাদক আবু রাসেল, হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং এইচ এম গোলাম মর্তুজা, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন রেজা, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, দৈনিক সমকালের ব্যুরো প্রধান সরওয়ার সুমন, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, ডেইলি সানের ব্যুরো প্রধান নুর উদ্দিন মিলন, বণিক বার্তার ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরী, আজকের পত্রিকার ডেপুটি ব্যুরো প্রধান ওমর ফারুক, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান সুবল বড়ুয়া, জিটিভির চট্টগ্রাম ডেপুটি ব্যুরো প্রধান তৌহিদুল আলম, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার গাজী ফিরোজ শিবলী, খবরের কাগজের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলাম, ডেইলি সানের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল মারমা, আবু বক্কর সিদ্দিক এবং ফটোগ্রাফার হেলাল সিকদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশাররফ। এরপর অতিথিরা কেক কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।