শৈল-সৈকত ও দেশগ্রাম

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা >>

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বুধবার (৫ আগস্ট) সকালে কোস্ট গার্ডের গণমাধ্যম শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

---------

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ছয়টার দিকে ‘এফবি নিশান-২’ নামের একটি মাছ ধরার ট্রলার ১৮ জন জেলেকে নিয়ে মাছ ধরা শেষে উপকূলে ফিরছিল। পথে সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি সাগরে ভাসতে থাকে।

পরে দুপুর একটার দিকে ট্রলারে থাকা এক জেলে মোবাইল ফোনে বিষয়টি ট্রলারের মালিককে জানান। মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

অভিযানে ট্রলারসহ ১৮ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়ার পর ট্রলারসহ তাঁদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে কোস্ট গার্ড নিয়মিত টহল ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।