ফিচার শিল্প-সাহিত্য

কবিতা

চোখের মায়া

মারজিয়া সুলতানা

আচ্ছা, আমার চোখের দিকে
তাকিয়ে কী এতো খোঁজো তুমি?
কী আছে বলো তো আমার চোখ জোড়াতে?
তুমি বলো আমার চোখে আছে মায়া,
আছে মাদকতা|
আমার কাজল দেওয়া চোখের চাহনি
তোমায় দেয় নির্ভরতা,
আমার চোখে তুমি দেখো ভালোবাসার ছায়া|
তোমার কাছে আমার চোখ যেন
ভয়ঙ্কর এক নেশা,
আমি বলি এই দৃষ্টি বড়ই সর্বনাশা|
আমার চোখে তুমি খুঁজে পাও প্রেম,
আর আমি বলি সব তোমার দেখার ভ্রম|
এমন কিছু কি আসলেই থাকে চোখে?
তোমার কাছে আমার চোখ জোড়া
এক মহাসমুদ্র,
আমার চোখের মায়ায়
তুমি হারাও অবিরত|

 

চিন্তারেখা

আসহাবে কাহাফ

কোথাও একটা নদী শুকিয়ে গেছে;
ˆচত্রের খরায়
একটা নদী পথ ভুলে চলে গেছে;
অন্য গায়ে
একজোড়া শালিক ঘুরছে
গাছের ডালে ডালে
যেভাবে তরুণ-তরুণীরা ঘুরে বেড়ায়
পার্ক থেকে পার্কে
এসবে আমারে টানে না, মোটেও না
আমি চেয়ে থাকি আকাশে
যেখানে অলৌকিক সুতোয় ঝুলে আছে শূন্য;
মহাশূন্য
বিরাট এ শূন্যের বেশি আমি ভাবি না,
ভাবতে পারি না;
মাঝে মাঝে ইচ্ছে করে; প্রশ্ন করি,
বিধাতা, একি তবে আমাদেরই
পূর্বপুরুষের চিন্তারেখা?