মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
শৈল-সৈকত ও দেশগ্রাম

কক্সবাজারে নবগঠিত তিন মাদক ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার >>

কক্সবাজারে নবগঠিত তিনটি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কক্সবাজারের তিনটিসহ দেশের বিভিন্ন জেলার মোট ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়া হয়।

---------

কক্সবাজারের তিনটি ট্রাইব্যুনালের মধ্যে ট্রাইব্যুনাল-১-এর বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাইয়েদ মাহবুবুল ইসলাম। ট্রাইব্যুনাল-২-এর বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. আমিরুল হায়দার চৌধুরী। আর ট্রাইব্যুনাল-৩-এর বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী।

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪৪(ক)-এর ২ ধারার বিধান অনুযায়ী তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত ট্রাইব্যুনালগুলোতে নিয়মিত বিচারক পদায়ন না হওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত বিচারকরা নিজ নিজ আদালতের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসব ট্রাইব্যুনালের বিচারিক, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রয়োগ করবেন। তারা মামলা আমলে নেওয়া, বিচার ও নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করবেন।

নবগঠিত তিনটি ট্রাইব্যুনালে শুধু ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে দায়ের করা পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের মামলার বিচার হবে।

এ ক্ষেত্রে ট্রাইব্যুনাল-১-এর আওতায় থাকবে টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলা। ট্রাইব্যুনাল-২-এর আওতায় থাকবে উখিয়া, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলা। আর ট্রাইব্যুনাল-৩-এর আওতায় থাকবে রামু, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার মাদকসংক্রান্ত অপরাধের মামলাগুলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার জেলা জজশিপের অধীন বিভিন্ন আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মোট ৮ হাজার ৮৩৬টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে ২১টি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এ ১ হাজার ১৬টি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এ ১ হাজার ৩৮৫টি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এ ১ হাজার ৫০৮টি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪-এ ৮৪৭টি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫-এ ১ হাজার ৪২১টি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৬-এ ১০৬টি মামলা রয়েছে।

এ ছাড়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১-এ ১ হাজার ৭২৯টি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২-এ ৯০৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসব মামলার মধ্যে পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের মামলাগুলো নবগঠিত মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। নিয়মিত আদালতে কোনো মামলা যে পর্যায়ে বিচারাধীন রয়েছে, সেই পর্যায় থেকেই সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে মামলাটির বিচার কার্যক্রম শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, শিগগিরই নবগঠিত তিনটি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে নিয়মিত বিচারক, আইন কর্মকর্তা ও সহায়ক কর্মচারী নিয়োগের পাশাপাশি প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে।