এ মুহূর্তের সংবাদ

উত্তেজনাকর পরিস্থিতিতে যৌথ চ্যাম্পিয়ন চবি-জাতীয় বিশ্ববিদ্যালয়

চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৭ মে) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফলাফল ঘোষণা করা হয়।

খেলা চলাকালে মাঠে উত্তেজনা তৈরি হলে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ থাকে। পরে টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্তে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এদিন বিকাল সাড়ে ৩টায় ফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। খেলার প্রথমার্ধে জাতীয় বিশ্ববিদ্যালয় ১-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়ালে খেলার একপর্যায়ে রেফারির সিদ্ধান্তকে ঘিরে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় মাঠে থাকা দর্শকদের অনেকেই মাঠে প্রবেশ করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় খেলা স্থগিত রাখে খেলা পরিচালনা কমিটি। পরবর্তীতে দীর্ঘ সময় খেলা মাঠে না গড়ালে খেলা পরিচালনা কমিটি উভয় দলকে বিজয়ী ঘোষণা করে।

চাকসুর খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ শাওন বলেন, “আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট মাঠে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হলে উভয় দলকে বিজয়ী ঘোষণা করে খেলা পরিচালনা কমিটি। চবিয়ানরা খেলায় অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু শেষের দিকে রেফারির সিদ্ধান্তকে ঘিরে একটু উত্তেজনার সৃষ্টি হয়।”

জাতীয় বিশ্ববিদ্যালয় টিমের একজন খেলোয়াড় বলেন, “আমরা খেলার ফলাফল নিয়ে সন্তুষ্ট তবে খেলাটা সুন্দরভাবে সম্পূর্ণ হওয়া দরকার ছিল। ম্যানেজমেন্ট এবং টিম অফিশিয়ালস যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটা যথাযথভাবে মেনে নিয়েছি।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের ম্যানেজার ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম।

৩৩টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় টুর্নামেন্টে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)