টপ নিউজ

৪ দফা দাবিতে ইস্টার্ণ রিফাইনারীর শ্রমিকদের বিক্ষোভ

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার– ইস্টার্ণ রিফাইনারীতে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিক-কর্মচারীরা।

বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী দ্বিবার্ষিক চুক্তিনামা সম্পাদন, পার্সোনাল পে বাস্তবায়ন, আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং পদোন্নতি নীতিমালা সংস্কারের দাবিতে আন্দোলনের ৮ম দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ণ রিফাইনারীর প্রধান ফটকের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।

সমাবেশে সিবিএ নেতারা বলেন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী পূর্বের নিয়মে ২০২৩-২৪ সালের দ্বিবার্ষিক চুক্তিনামা অবিলম্বে সম্পাদন করতে হবে। পাশাপাশি ২০০৩ সালের চুক্তি অনুযায়ী পার্সোনাল পে বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং পদোন্নতি নীতিমালা সংস্কারের দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে ইস্টার্ণ রিফাইনারী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

সমাবেশে মো. আব্দুর রহমান বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে ইস্টার্ণ রিফাইনারী প্রতিষ্ঠালগ্ন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু শ্রমিক-কর্মচারীদের যৌক্তিক দাবিদাওয়া নিয়ে কর্তৃপক্ষ বারবার নানা জটিলতা সৃষ্টি করছে। তিনি দাবি করেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের একটি স্মারকের কারণে ২০২৩-২৪ সালের দাবিনামার ভিত্তিতে সম্পাদনযোগ্য চুক্তিনামা বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিনের অমীমাংসিত এই শিল্পবিরোধ দ্রুত নিষ্পত্তি করা না হলে শ্রম আইন অনুযায়ী আন্দোলন আরও কঠোর করা হবে এবং নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।