বিজনেস

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস ‘লিকেজ’, মৃত্যু বেড়ে ৫

সুপ্রভাত ডেস্ক >>

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

---------

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন, ‘শুক্রবার ইয়ার্ড বন্ধ রয়েছে। সকাল ৯টার সময় স্ক্র্যাপ এলএনজি জাহাজে একটি ট্যাঙ্ক লিকেজ হয়। এতে স্থানীয় বহিরাগত কিছু লোক তা দেখতে গিয়ে গ্যাসে আক্রান্ত হন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত হয়েছেন।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, দুপুর ১২টা ১০ মিনিটে ভাটিয়ারীর ফেরদৌস স্টিলের ঘটনায় আহত ছয়জনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজনকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, নিহত ও আহতদের সবার নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, ‘জাহাজে বিষাক্ত গ্যাস নির্গমনে হতাহতের ঘটনা ঘটেছে। গ্যাস নির্গমনের কারণ এবং সেখানে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না- এগুলো আমরা তদন্ত করে দেখছি।’

প্রাথমিকভাবে জানা গেছে, স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাঙ্ক থেকে গ্যাস বের হতে দেখে কয়েকজন স্থানীয় বহিরাগত সেখানে এগিয়ে যান। এ সময় তারা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাস লিকেজের কারণ ও নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।