এ মুহূর্তের সংবাদ

শুরু হলো ১৪তম আমা কফি দৃষ্টি ব্রেনস্টর্মিং বিজনেস আইডিয়া কনটেস্ট

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের তরুণ শিক্ষার্থীদের ব্যবসায়িক প্রতিভা ও উদ্ভাবনী চিন্তা বিকাশের অন্যতম জনপ্রিয় মঞ্চ দৃষ্টি ব্রেনস্টর্মিং বিজনেস আইডিয়া কনটেস্ট’-এর ১৪তম আয়োজন আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

-advertise-

শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (সিআইইউ) মিলনায়তনে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার পর্দা ওঠে।

চট্টগ্রামের তরুণদের ব্যবসা পরিকল্পনা, প্রসার-প্রচার এবং ব্র্যান্ডিংকে কেন্দ্র করে আয়োজিত এই মেধার লড়াই আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে।

এবারের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ‘আমা অথেনটিক ব্রাজিলিয়ান কফি’। এছাড়া ভেন্যু পার্টনার হিসেবে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত আছে জি. আর. মেটাল।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। তিনি সংগঠনের দীর্ঘ পথচলা এবং এবারের আয়োজনের লক্ষ্য তুলে ধরে বলেন, দৃষ্টি গত ৩৩ বছর ধরে আবৃত্তি, বিতর্কসহ তারুণ্যের নানা উদ্ভাবনী বিষয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরাই দেশের একমাত্র সংগঠন, যারা সারা দেশে বিতর্ক চর্চাকে ছড়িয়ে দিতে প্রথম কাজ শুরু করেছিলাম। দৃষ্টির এই ১৪তম ব্রেনস্টর্মিং বিজনেস আইডিয়া কনটেস্ট নিয়ে আগামী ১৫ দিন ধরে আমরা কাজ করব, যেখানে চট্টগ্রামের ১২টি বিশ্ববিদ্যালয়ের ৩৬টি দল অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হক। তিনি নিজের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ধরনের চমৎকার ও সময়োপযোগী আয়োজনের মাধ্যমেই দেশজুড়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে।

প্রধান বক্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু তরুণদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, দৃষ্টির এই আয়োজনটি অত্যন্ত ইউনিক ও প্রশংসনীয়। ক্রিকেট নিয়ে কাজ করলেও আমি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমরা ব্যবসায়ী যাত্রার শুরুতে প্রচুর ব্রেইনস্ট্রমিং করতাম। উদ্যোক্তা হওয়া, ব্যবসা করা কিংবা গবেষণা সবকিছুর জন্যই সবার আগে ‘ব্রেনস্টর্মিং’ খুব জরুরি। এই প্রতিযোগিতা থেকে অনেক চমৎকার আইডিয়া আসবে। তবে প্রতিযোগিতায় কেউ সফল হবে, আবার কেউ হবে না; কিন্তু এতে কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। ব্যবসা মানেই হলো চরম ধৈর্যশীলতার সাথে কাজ করা, লেগে থাকলে সফলতা একদিন ধরা দেবেই। তিনি আরও বলেন, বর্তমান যুগের বিজনেস ল্যান্ডস্কেপ বদলে গেছে এবং তা অনেক আধুনিক হয়েছে। এখন ক্রিয়েটিভ মানুষদের জয়জয়কার, তাই তরুণদের সময়োপযোগী কাজ করতে হবে। তরুণ প্রজন্ম এভাবে এগিয়ে আসলেই দেশ ও জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এই অগ্রযাত্রাকে ধরে রাখতে সবাইকে কাজ করে যেতে হবে।

প্রতিযোগিতা উদ্বোধন করতে গিয়ে ইন্টারন্যাশলান বিজনেস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব বিশ্ববাজারের গতিপ্রকৃতি তুলে ধরে বলেন, বর্তমান পৃথিবীতে ব্যবসা খুব দ্রুত এগিয়ে চলছে। উদাহরণস্বরূপ, ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে এখন বিশ্বজুড়ে নানা ধরনের নতুন ব্যবসা ও ইভেন্ট তৈরি হচ্ছে এবং এসব আয়োজনে তরুণদের অংশগ্রহণ ব্যাপক হারে বেড়েছে। এ সময় বিসিবি পরিচালক ইসরাফিল খসরুর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) দেশের তরুণদের নিয়ে ভবিষ্যতে এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ ও আয়োজন গ্রহণ করতে পারে।

প্রধান অতিথি চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নুরুল আবছার দৃষ্টির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দৃষ্টির এই গৌরবময় আয়োজনের অংশীদার হতে পেরে সিআইইউ পরিবার অত্যন্ত সৌভাগ্যবান মনে করছে। সাধারণত এই ধরনের বড় বড় বিজনেস কনটেস্টগুলো রাজধানী ঢাকাতে বেশি হয়ে থাকে। কিন্তু দৃষ্টি চট্টগ্রাম গত ১৪ বছর ধরে স্থানীয়ভাবে এটি সফলভাবে টিকিয়ে রেখেছে এবং পরিচালনা করছে, যা সত্যি প্রশংসনীয়। এই কনটেস্টের জয় বা পরাজয় নিয়ে তরুণদের মন খারাপ করার কিছু নেই। আগামী কয়েকদিন এখানে অংশ নিয়ে তারা যে বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জন করবে, সেটাই হবে তাদের আগামী দিনের পথচলার বড় পুঁজি।

উদ্বোধনের পাশাপাশি প্রথম দিনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর জন্য একটি নির্দেশনামূলক ও অ্যাকাডেমিক কর্মশালার আয়োজন করা হয়। দুপুরে রিপোর্টিং ও রেজিস্ট্রেশনের মাধ্যমে দিনের মূল কর্মসূচি শুরু হয়। এরপর তিনটি পৃথক টেকনিক্যাল সেশনে বিজনেস আইডিয়া থেকে শুরু করে বাজারজাতকরণ ও ব্র্যান্ডিংয়ের খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষণ দেন দেশের অভিজ্ঞ মেন্টররা।

প্রথম সেশনে ‘From Idea to Market’ বিষয়ে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও মার্কেট অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেন এক্সিলারেটিং বাংলাদেশের কোচ তারিফ মোহাম্মদ খান। দ্বিতীয় সেশনে ‘Building Sustainable Businesses’ বিষয়ে ফাইনান্সিয়াল প্ল্যানিং নিয়ে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ট্রেইনার গোলাম রব্বানি। সর্বশেষ সেশনে ‘Marketing, Advertising, and Brand Positioning’ বিষয়ে দিকনির্দেশনা দেন ইউনিলিভার বাংলাদেশের ট্রেইনার মো. নাহিদ হাসান।

কর্মশালার শেষাংশে প্রতিযোগিতার নিয়মকানুন ব্রিফিং করার পর আনুষ্ঠানিকভাবে মূল প্রতিযোগিতার টপিক ঘোষণা ও গ্রুপ সিলেকশন সম্পন্ন হয়।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি বনকুসুম বড়ুয়া, শহিদুল ইসলাম, সাবের শাহ, দৃষ্টির প্রধান সমন্বয়কারী মুন্না মজুমদার, প্রতিযোগিতার যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসেন মজুমদার ও মুজিবুল হক