ঝাঁকড়া চুলের কবি
উৎপলকান্তি বড়ুয়া
‘আমি হব’ ছন্দ পাড়ায়
শব্দ সুরের মিল,
ভোরের নরম পাতার বুকে
হাওয়া ঝিলিমিল|
‘খাঁদু-দাদু’র নাকে মুখে
ল্যাং মেরেছ কে সে?
নাক ডেঙাডেং নাচছে ওমা
অমনি ন্যাদা এসে!
‘ভোর হলো’ তাই খুকুমণি
অমনি জেগে ওঠে,
জুঁই চামেলি টগর বকুল
গোলাপ জবা ফোটে|
‘ঘুমজাগানো পাখি’র সুরে
হাসে পুবের রবি,
কুসুম বাগে উঠবে ডেকে
ঝাঁকড়া চুলের কবি|
দুরন্ত নজরুল
মোশতাক আহমেদ
নীল দিগন্তে চাঁদ উঠেছে
মেঘের পাহাড় ছুঁয়ে
বিলের পারে আকাশ নামে
শিশির জলে ধূয়ে
দাওয়ার পাশে সুবাস ছড়ায়
হাসনাহেনা ফুল
কেমন আছো দোলনচাঁপার
দুরন্ত নজরুল|
কেমন আছো রুটির দোকান
কিশোর দুখু মিয়া?
কেমন আছো বিষের বাঁশি
গ্রামটা চুরুলিয়া|
কেমন আছো ভাঙার গান
শিউলিমালা, ব্যথার দান?
কেমন আছো প্রলয়শিখা
মাচার ঝিঙেফুল
কেমন আছো অগ্নিবীণার
দুরন্ত নজরুল?
এলো নজরুল
সৈয়দ খালেদুল আনোয়ার
এলো নজরুল ঝঞ্ঝার মতো
ছুটলো বাঁধনহারা
লাথি মেরে ভাঙলো শোষক
বৃটিশরাজের কারা|
পণ্য ছিলাম আমরা সবাই
বৃটিশ রাজার হাটে
স্বাধীনতার সূর্য গেলো
অস্তাচলে পাটে|
জন্ম নিলো ছেলে নজরুল
সাহসের ধুমকেতু
জাতির প্রাণে প্রাণে গড়ে
মহামিলনের সেতু|
হুঙ্কারে নজরুল ছড়ালো
কঠিন দ্রোহের আগুন
জাতির ভাগ্যে আসলো মহান
স্বাধীনতার ফাগুন|
কাজী নজরুল ইসলাম
অপু বড়ুয়া
নজরুল এক বিস্ময় ভরা অবিস্মরণীয় নাম
নজরুল মানে শোষিত জাতির মুক্তির সংগ্রাম|
ব্রিটিশ শাসিত পরাধীন দেশে এই জাতি ছিলো দাস
জাতির এমন দুঃসহ দিনে শোনালেন আশ্বাস|
গায়ের শক্তি নাইবা থাকল, মেধার শক্তিতেই
লিখে যান গান আগুন ঝরানো যার কোন জুড়ি নেই|
গানের ভাষায় বজ্র ঝিলিক অগ্নিবীণার সুর
সেই গান শুনে শাসকের বুক ভয়ে কাঁপে দুরদুর|
বন্দী করেও পারল না তারা থামাতে সুরের রেশ
পরাধীন জাতি সেই গান গেয়ে কাঁপিয়ে তুলল দেশ|
গান কবিতা ও গদ্যে গদ্যে নিঁদভাঙা কম্পন
মহাবিদ্রোহী কবি নজরুল পৃতিবীতে একজন|
জাতীয় কবির আখ্যায় তিনি বাংলাদেশের প্রাণ
বাঙালি কখনো ভুলবে না তার অবিনাশী অবদান|
দুখু মিয়া
বিভাস গুহ
সাহিত্য বাগানে ফোটা
সুরভিত ফুল
চুরুলিয়ার দুখু মিয়া
গানেরই বুলবুল|
ছন্দ তালে অগ্নিবীণায়
তোলেন মধুর সুর
সেই সুরেরই ঝর্নাধারায়
আঁধার করেন দূর|
শোষকের ভীত কাঁপিয়ে দেন
শেকল ভাঙার গানে
সাহস যোগান মজুর কুলির
মনে এবং প্রাণে|
কাব্য গানের মালা গাঁথেন
সাম্যবাদের সুরে
ভালোবাসায় আছেন তিনি
সবার অন্তঃপুরে|
সাম্যের কবি নজরুল
সুজন সাজু
দেখিয়ে সব আজকে ওদের ভাঙিয়ে দেব ঘুম,
অনাচার ভুল,
নজরুল নজরুল|
ভোরে উঠে খুলবো দুয়ার
শুনবো গানও পাখির,
কে বড় আর কে ছোট নয় প্রীতির মাখামাখির|
রাজি,
চেষ্টায় ছিলেন অবিরত
আমাদেরই কাজী|
মানবতার নাও সাজিয়ে আহবানে ব্রত,
মানুষই তো সৃষ্টির সেরা বলবো বলো কত ?
বোঝাবো কী, শুনিবে কে
নর ও নারী সমান বিশ্বে,
মানি না একক কারো অবদান
এই ভুবনে শীর্ষে|
বদ্ধ কপাট শেকল ভাঙার বীর পুরুষের হয় তুল ?
গান গেয়ে যায় শ্রদ্ধার সুরে সাম্যের কবি নজরুল|
পেদ্রাহের কবি
শচীন্দ্র নাথ গাইন
একটি ছেলের দস্যিপনা চলতো সারাক্ষণ,
তবুও সে জুগিয়ে যেতো গরিব-দুখীর মন|
লেটোর দলে নাচ দেখিয়ে গাইতো নিজের গান,
শত কাজের মাঝেও ছিল মায়ে অগাধ টান |
শৈশবে সে হঠাৎ করেই হারালো তার বাপ,
তখন থেকেই বইতে হতো পরিবারের চাপ |
নির্যাতিত-বঞ্চিতরা তারই স্বজন-ভাই,
ভালবেসে তাদেরকে তাই অন্তরে দেয় ঠাঁই |
কুলি মজুর শ্রমিকরা তার করতো ভারী দল,
সঙ্গে তারা থাকার কারণ বাড়তো মনের বল |
তার লেখনির ক্ষুরধারের বড়ই অবাক কাজ,
ধনী-বণিক-শোষক শ্রেণির পড়তো মাথায় বাজ |
সেই ছেলেটির কাব্য-গানের জাগানিয়া কথা,
মনে গেঁথে যুদ্ধে গিয়ে পেলাম স্বাধীনতা |
অত্যাচারী শোষকগুলো সেদিন হলো ভীত,
আমরা উড়াই বিজয় নিশান, শত্রু পরাজিত |
বিদ্রোহী কবি
সুজন দাশ
আগাগোড়া তুমি ছিলে বিদ্রোহী
গাও চেতনার গান,
সাম্যবাদের বাজাও বাঁশরী
সুরে জাগে মন প্রাণ!
কুলি মজুরের কষ্টে তোমার
চোখ ফেটে আসে জল,
নিপীড়িত জনে জোগাও সাহস
অন্তরে দাও বল|
ধুমকেতু তুমি কাব্য আকাশে
বিরহী গানের পাখি,
ঢেলে দিয়ে গেছো গীতিরস সুধা
ভিজে ওঠে তাতে আঁখি!
শিকল ভাঙার গান গাও তুমি
নড়ে বৃটিশের ভিত,
প্রেরণায় জাগে বিপ্লবী প্রাণ
টুটেছে দুখের নিদ|
সবার ঊর্ধ্বে ভেবেছো মানুষে
মানবতা রেখে আগে,
বঞ্চিত জনে পায়ও প্রেরণা
বিদ্রোহে মন জাগে|
সাম্যের কবি তিনি
ইলিয়াস পাটোয়ারী
সাম্যের কবি তিনি
কবিতার বুলবুল,
ছন্দের কারুকাজে
ফোটাতেন শত ফুল|
শোষকের হাত তিনি
লেখনীতে রোজ তার,
ভেঙেচুরে করে দিতেন
চুরমার, ছারখার|
অধিকার হারাদের
কথা তিনি বলতেন,
সত্য ও সুন্দর
পথে তিনি চলতেন|
তার মতো কবি কেউ
হবে আর বলা ভুল,
তিনি একা একজনই
বিদ্রোহী নজরুল|
বিদ্রোহী নজরুল
আশরাফ মাহতাব
অন্যায়কে অন্যায় হেঁকে
তাঁর মতো কে বলতে পারে?
ন্যায়ের পথে বুক চিতিয়ে
তাঁর মতো কে চলতে পারে?
অসাম্য-মঞ্চে সাম্যের গানটি
তাঁর মতো কে গাইতে পারে?
ˆবষম্যহীন একটি সমাজ
তাঁর মতো কে চাইতে পারে?
অত্যাচারীর অলীক মুখোশ
তাঁর মতো কে খুলতে পারে?
অগ্নীবিণায় বিপ্লবী সুর
তাঁর মতো কে তুলতে পারে?
বলতে নিশ্চয়ই পারবে তুমি
চিনতে নিশ্চয়ই হয়নি ভুল?
সে যে আমার সাম্যের কবি
ন্যায়ের কবি বিদ্রোহী নজরুল|




















































