নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামের সাতকানিয়ায় ১১ ঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় বন্যার পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
অপর ঘটনায় সাঙ্গু নদীতে পড়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। পরপর দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার চরতি ইউনিয়নের পশ্চিম দুরদুরী গ্রামের একটি বিলে বন্যার পানিতে মাছ ধরতে যান মোহাম্মদ সাঈদ (১৭)।
একপর্যায়ে তীব্র স্রোতে তিনি পানির নিচে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর বিকেল সোয়া ৫টার দিকে বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাঈদ নিখোঁজ হন। পরে স্থানীয়দের চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, সাঈদ মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
এর আগে বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বাসিন্দা আবদুল আলম সাঙ্গু নদীতে পড়ে নিখোঁজ হন। তিনি দোহাজারী থেকে নদীপথে কালিয়াইশ ফিরছিলেন।
স্থানীয়দের ভাষ্য, চারজন একসঙ্গে নৌকায় বাড়ি ফেরার পথে কোনো একপর্যায়ে আবদুল আলম ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয়রাও অনুসন্ধান চালান। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হক নুর বলেন, আবদুল আলম দীর্ঘদিন ধরে স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দুর্ঘটনার পর থেকেই স্থানীয়রা নদীতে তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



















































