টপ নিউজ

‘হ্যাট্রিক’ চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলায় তৃতীয় বারের মতো ‘হ্যাট্রিক’ চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ।
গতকাল শনিবার বলি খেলার ১১৭ তম আসরে তিনি একই জেলার মো. রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও এই দুই বলী ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। দুইবারই বিজয়ী হন শরীফ, আর রাশেদ ছিলেন রানারআপ। এবারও সেই ধারাবাহিকতার পুনরাবৃত্তি ঘটল।

এবারে বলী খেলায় অংশ নিতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার ১০৮ জন কুস্তিগীর অংশগ্রহণ করেন। আসরে গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদসহ প্রথম চার জন সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশ নেন। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রথম রাউন্ডের বাছাই পেরিয়ে আসা বাগেরহাটের মো. মামুন, কুমিল্লার দিপু, নারায়ণগঞ্জের নুরুল ইসলাম ও সাভারের মো. মিঠু।

কোয়ার্টার ফাইনালে গতবারের সেমিফাইনালিস্ট শাহজালাল খেলেছেন নুরুল ইসলামের বিরুদ্ধে, মিঠু লড়েন কামালের বিরুদ্ধে, বাঘা শরীফ খেলেন দিপুর বিরুদ্ধে এবং রাশেদ খেলেন মামুনের সঙ্গে।

বাঘা শরীফ সেমিফাইনালে সহজেই শাহজালালকে হারিয়ে ফাইনালে ওঠেন, তার বিরুদ্ধে আবার ফাইনালে ওঠেন রাশেদ। তিনি সেমিফাইনাল খেলেন মিঠুর বিরুদ্ধে।

শাহজালালের সঙ্গে মিঠুর তৃতীয় স্থান নির্ধারণী খেলা জমে উঠে। ১৭ মিনিটের বেশি সময় গড়ানো এ খেলায় মিঠু, বলী খেলার ১১৪তম আসরের শাহজালালকে পরাজিত করে তৃতীয় স্থান লাভ করে।

গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বলী খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। খেলা শেষে জয়ীদের পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

বলীখেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী এ খেলাকে ঘিরে লালদীঘি মাঠ ও তার আশপাশের এলাকা ছিল কানায় কানায় পূর্ণ। প্রচণ্ড গরম উপেক্ষা করে ঢোলের তালে তালে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এছাড়া লালদীঘির চত্বর ছাপিয়ে আশেপাশের দেড় থেকে দুই কিলোমিটার এলাকাজুড়ে বসে বৈশাখী মেলা।

ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের সংগঠিত ও শারীরিক ভাবে প্রস্তুত করতে চট্টগ্রাম শহরের বদর পাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালের বাংলা ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজন করেন কুস্তির, যা বলী খেলা নামে পরিচিতি পায়। বাংলা পঞ্জিকা অনুসারে ১২ বৈশাখ চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী মাঠে জব্বারের বলী খেলা হয় প্রতিবছর।