মিরসরাই প্রতিনিধি »
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামাজের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকালে উপজেলার মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ মাঠে তৃতীয় নামাজের জানাযা শেষে তাকে ধুম ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজের জানাযার আগে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার (রাষ্ট্রীয় সম্মাননা) প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন কাদের।
এর আগে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রথম নামাজের জানাযা ঢাকার গুলশানের আজাদ মসজিদ ও দ্বিতীয় জানাযা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সাবেদুর রহমান সমু, মেঝ ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন। এছাড়া তিনি সাবেক গৃহায়ন ও গণপূর্ত, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বুধবার (১৩ মে) সকালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।



















































