সুপ্রভাত ডেস্কঃ চট্টগ্রাম নগরের কর্ণফুলী শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশির মুখে মাইক্রোবাস ফেলে পালিয়েছেন চালক। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ২১ কার্টন বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে শাহ আমানত সেতু এলাকায় এ তল্লাশি চালানো। এরআগে সন্ধ্যা সাড়ে ৭টায় গাড়িটি আটকানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ লিয়াকত আলী খান বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহ আমানত সেতু এলাকায় দায়িত্ব পালনরত এক ট্রাফিক সার্জেন্ট একটি গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাই করেন। সার্জেন্ট গাড়িতে কী বহন করা হচ্ছে জানতে চাইলে চালক হঠাৎ গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যান। পরে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি তল্লাশি চালিয়ে ২১টি কার্টনের মধ্যে থাকা মোট ২৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করে এবং গাড়িটি জব্দ করে।’
এবিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ‘ট্রাফিক পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি হেফাজতে নেওয়া হয়। কাগজপত্র যাচাইয়ের সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে ২১ কার্টন বিদেশি মদ পাওয়া গেছে।’ তিনি আরও জানান, মদ কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয়ে তদন্ত চলছে। পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’










































