সুপ্রভাত ডেস্ক »
নিজেদের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযোগ আরও বাড়তে শিলিগুঁড়ি করিডরে চার লেনের নতুন আরেকটি মহাসড়ক বানাবে ভারত। এজন্য দেশটির কেন্দ্রীয় সরকার ২ হাজার কোটিরও বেশি রুপি বরাদ্দ দিয়েছে।
শিলিগুঁড়ি করিডর চিকেন্স নেক নামেও পরিচিত। যা বাংলাদেশ সীমান্তের সঙ্গে লাগোয়। এছাড়া ভারতের সরু এ করিডরটির সঙ্গে নেপালের সীমান্তও আছে। এটি ভুটান ও চীন থেকেও খুব কাছে।
নতুন মহাসড়কটি লম্বায় ৩১ কিলোমিটার হবে। এটি বর্তমান মড়াসড়ক-২৭ এর পাশেই নির্মাণ করা হবে।
গতকাল বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গড়কড়ি ফেসবুকে এক পোস্টে জানান, নতুন মহাসড়কটির জন্য সব মিলিয়ে ২ হাজার ৭৮ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। যা পানিটাঙ্কি এবং খড়িবাড়ি হয়ে বাগদোগ্রা থেকে বিহারের গালগালিয়াকে যুক্ত করবে।
নতুন সড়কটি জাতীয় মহাসড়ক-৩২৭ নামে পরিচিতি পাবে এবং জাতীয় মহাসড়ক-২৭ থেকে এটির দূরত্ব থাকবে ২০ থেকে ৩০ কিলোমিটার।
৬০ কিলোমিটার লম্বা সিলিগুঁড়ি করিডর প্রস্থে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। কিন্তু ভারতের এক অংশ থেকে আরেক অংশ যুক্ত করার একমাত্র পথ এটি। যা দেশটির অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গড়কড়ি বলেছেন, ভারতের উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সঙ্গেও সড়ক যোগাযোগ সহজ হবে এই মহাসড়কের মাধ্যমে।
এদিকে ২০২৪ সালে ৫ আগস্ট বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর শিলিগুঁড়ি করিডর নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে ভারত। এরপর সেখানে সামরিক উপস্থিতি বৃদ্ধি করে নয়াদিল্লি।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

















































