নিজস্ব প্রতিবেদক »
বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করবে নির্বাচন বোর্ড।
সোমবার (২৯ জুন) বিএসবিআরএ নির্বাচন বোর্ড প্রকাশিত সংশোধিত নির্বাচনী তফসিল ও পৃথক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনের বিষয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৫ জুলাই বিকেল ৪টার মধ্যে নির্বাচন আপিল বোর্ডে আবেদন করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৭ জুলাই এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ৮ জুলাই। নির্বাচনের ফল নিয়ে আপিলের শেষ সময় ১১ জুলাই এবং তা নিষ্পত্তি হবে ১৪ জুলাই।
নির্বাচন বোর্ড জানিয়েছে, বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী সম্পূর্ণ গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। কোনো প্রক্সি বা প্রতিনিধি মারফত ভোট দেওয়ার সুযোগ থাকবে না; প্রত্যেক ভোটারকে সশরীরে উপস্থিত হয়ে ভোট দিতে হবে।
নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর আচরণবিধিও জারি করা হয়েছে। নির্বাচনী পোস্টার, ব্যানার, দেয়াললিখন, মিছিল, স্লোগান, উপহার বিতরণ এবং হোটেল বা কমিউনিটি সেন্টারে নির্বাচনী সভা আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ রাখতে হবে।
এ ছাড়া ভোটের দিন কেন্দ্রের ১০০ গজের মধ্যে প্রার্থী বা সমর্থকদের সমাবেশ, ব্যাজ বা পোস্টার প্রদর্শন নিষিদ্ধ থাকবে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচনী বোর্ড আরও জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিএসবিআরএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী এবং সদস্য মো. রাসেল প্রাধানিয়া ও আশরাফ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল সদস্য, ভোটার ও প্রার্থীদের নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।


















































