এ মুহূর্তের সংবাদ

২০২৭ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে আসছে নতুন পাঠ

সুপ্রভাত ডেস্ক »

২০২৭ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন মূল্যায়ন কাঠামো কার্যকর হবে। একইসঙ্গে এ স্তরের কয়েকটি বিষয়ের পাঠ্যবইয়ে নতুন প্রবন্ধ ও পাঠ্য যুক্ত করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করেছে।

---------

এরইমধ্যে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) নতুন মূল্যায়ন কাঠামো এবং পাঠ্যবইয়ে বিভিন্ন বিষয় যুক্ত করার অনুমোদন দিয়েছে। গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এনসিসিসির সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) বই যুগোপযোগী করা হবে। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বইটিতে প্রয়োজনীয় পরিমার্জন করার অনুমোদন দেওয়া হয়েছে।

ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ে ‘তৃতীয় ভাষা’ শিরোনামে একটি নতুন প্রবন্ধ যুক্ত করা হচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ে শিক্ষার্থীরা এই প্রবন্ধ পড়বে। এনসিসিসি এ প্রবন্ধ অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে।

একই শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে সাত বীরশ্রেষ্ঠের জীবন ও কর্ম অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি অষ্টম শ্রেণির বাংলা বইয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন ব্রিগেড ফোর্সের বিষয় যুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।

অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবইয়ে নব্বইয়ের গণঅভ্যুত্থানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা নতুন করে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ ছাড়া ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠ্যবইয়ে ৭ নভেম্বরের ‘সিপাহি-জনতার বিপ্লব’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

এনসিসিসির সভার তথ্য অনুযায়ী, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়ন করা হবে। এই মূল্যায়ন কাঠামো অনুসরণ করেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

একই মূল্যায়ন পদ্ধতির আওতায় দশম শ্রেণি শেষে নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। এরপর পাবলিক পরীক্ষা হিসেবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে মূল্যায়ন কাঠামো অনুমোদন করা হলেও এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এনসিটিবি। বিষয়টি নিয়ে বর্তমানে কাজ চলছে। কার্যক্রম শেষ হলে মূল্যায়ন কাঠামো সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এনসিটিবি সংশ্লিষ্টরা।