নিজস্ব প্রতিনিধি, বাঁশখালী >>
মেধার স্বীকৃতি ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে বাঁশখালীর মাস্টার নজির আহমদ ট্রাস্ট ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। এ আয়োজনে ১৬১ জন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয় এবং ১৫৮ জনের হাতে তুলে দেওয়া হয় দুই হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড।
শনিবার (২৯ আগস্ট) মাস্টার নজির আহমদ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের সাফল্যে উচ্ছ্বসিত ছিলেন অভিভাবকরাও।
মাস্টার নজির আহমদ কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মুফিদুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য ও পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ হোছাইন, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, হাজিগাঁও বরুমছড়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবদুল খালেক এবং চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মো. ওয়ালী উল্লাহ।
অনুষ্ঠানে মাস্টার নজির আহমদ কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক তুষার কান্তি ভারতী বক্তব্য রাখেন। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন বাঁশখালী হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার তানিয়া মাশকুরা, নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের তাছকিয়াতুল জান্নাত, চাম্বল উচ্চ বিদ্যালয়ের সাঈদাতুন নুর ইশমা, বাঁশখালী সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের মো. রুকন এবং বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আনাস বিন ফারুক।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. আবদুল কাদের বলেন, “শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশ যেন তাদের নিয়ে গর্ব করতে পারে, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।”
তিনি বলেন, মরহুম আলহাজ্ব মাস্টার নজির আহমদ ও তাঁর পরিবার মানবিকতা ও সমাজসেবার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, শিক্ষার্থীদেরও সেই আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ১৬১ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে ১৫৮ জনের হাতে ট্রাস্টের পক্ষ থেকে দুই হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড এবং প্রত্যেককে মাস্টার নজির আহমদ কলেজের একটি ম্যাগাজিন উপহার দেওয়া হয়।
এ ছাড়া অনুষ্ঠানে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি এবং ৩২৬ জন অভিভাবক উপস্থিত ছিলেন। দূর-দূরান্ত থেকে আগত অতিথি ও অভিভাবকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















































