নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সভায় গত বছরের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব, পূর্ববর্তী বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী এবং চলতি বছরের অডিটর নিয়োগ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে চেম্বারের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (২৭ জুন) দুপুর ১২টায় চেম্বারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান।
সভায় সহ-সভাপতি এ. এম. মাহবুব চৌধুরী, এম. এ. মালেক ও জসিম উদ্দিন চৌধুরী, পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন আলম, প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, এম. সোলায়মান (এফসিএমএ), অজিত কুমার দাশ, মাসুদ করিম, মোহাম্মদ শাহ আলম, লেফটেন্যান্ট (অব.) জোবাইদা শারমিন, বিএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেন গুপ্তসহ বিপুলসংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
আলোচ্যসূচি অনুযায়ী উপস্থাপিত বিভিন্ন প্রতিবেদন ও হিসাব নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা ও পর্যালোচনা হয়। পরে সেগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন, সদস্যদের সহযোগিতা ও সমর্থন নিয়ে চেম্বার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিএমসিসিআই ভবিষ্যতে ব্যবসায়ী সমাজের স্বার্থে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ জন্য তিনি সদস্যদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
সভায় আমন্ত্রিত অতিথিরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরে সেগুলো সমাধানে চেম্বারের সহযোগিতা প্রত্যাশা করেন। এ বিষয়ে লিখিতভাবে প্রস্তাব ও অভিযোগ চেম্বারে জমা দেওয়ার আহ্বান জানান সভাপতি। একই সঙ্গে সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভা শেষে উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভাপতি বলেন, সবার সম্মিলিত উদ্যোগ ও গঠনমূলক পরামর্শে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
এর আগে একই দিন সকাল ১১টায় সিএমসিসিআইর ৬৩তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় চেম্বারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা-২০২৬ আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


















































