শৈল-সৈকত ও দেশগ্রাম

পটিয়ায় বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ আহত ৭

নিজস্ব প্রতিনিধি, পটিয়া >>

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পটিয়া উপজেলার আমজুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

---------

আহতরা হলেন— পটিয়ার শান্তিরহাট এলাকার নিশি (২৩), বাহুলী এলাকার এহসানুল কাদের (৪৩), ছনহরা এলাকার দিদারুল আলম (৩৬), রাঙ্গুনিয়ার ওসমান (২৮), চন্দনাইশের মো. জামাল (৩২) এবং লোহাগাড়ার নাজিম উদ্দীন (২৮)। তবে আহত আরও একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে পটিয়াগামী একটি যাত্রীবাহী বাস আমজুর হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।

পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ চালান। আহত চালক ও যাত্রীদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মো. ওসমান ও নাজিম উদ্দীনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওমর ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়। বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।