এ মুহূর্তের সংবাদ

চীন সফরে বাংলাদেশ কোনো ঋণ বা বিনিয়োগের আশ্বাস পেয়েছে কি না জানতে চান রুমিন ফারহানা

সুপ্রভাত ডেস্ক »

প্রধানমন্ত্রীর চীন সফরে বাংলাদেশ কোনো ঋণ বা বিনিয়োগের আশ্বাস পেয়েছে কি না সেটি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কিছু না জানাননি বলে সমালোচনা করেছেন ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

-advertise-

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এমন সমালোচনা করেন। তিনি বলেন, প্রতিবছর বাজেট দেওয়ার সময় নির্ঝরের মতো স্বপ্ন দেখি এবং সারা বছর ধরে সেই স্বপ্ন ভঙ্গের ফল ভোগ করতে হয়। খবর বিবিসি বাংলার।

এই বাজেটে ব্যয় ধরা হয়েছে নয় লক্ষ ৩৮ হাজার কোটি টাকা। আয় মাত্র ছয় লক্ষ ৯৫ হাজার কোটি টাকা।

“ঘাটতি দুই লক্ষ ৪৩ হাজার কোটি টাকা। এটুকু হলেই হতো। কিন্তু আয় ছয় লক্ষ ৯৫ হাজার কোটি টাকার যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা কোনো বছরই এই আয় রাজস্ব আদায় করা যায় না। ফলে যেটা হয় ঘাটতি বাড়তেই থাকে এবং সেই ঘাটতির জন্য আমরা দেশি-বিদেশি ঋণ কিংবা বিনিয়োগের ওপর নির্ভর করি” বলেন রুমিন ফারহানা।

সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের কথা উল্লেখ করে স্পিকারের মাধ্যমে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চান তিনি। “আমি আপনার মাধ্যমে জানতে চাই চীনের কাছ ঋণের কোনো আশ্বাস আমরা পেয়েছি কী না? পেয়ে থাকলে সেই ঋণের পরিমাণ কত? কিংবা বাংলাদেশে তারা কোনো বিনিয়োগ করবে কিনা এরকম কোনো আশ্বাস এসছে কিনা সেটাও আপনার মাধ্যমে জানতে চাইছি” বলেন রুমিন ফারহানা।

একইসঙ্গে, তিনি এটিও পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন। তাকে সাংবাদিকরা এই সংক্রান্ত প্রশ্ন করায় তিনি সরাসরি উত্তর দেননি বলে উল্লেখ করেন রুমিন ফারহানা। “তিনি সরাসরি উত্তর না দিয়ে বেশ অস্বস্তির সাথে বলেছিলেন, আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে? না আমি আশা করি না, বাংলাদেশের মন্ত্রী-মিনিস্টাররা দেশের বাইরে ভিক্ষা করতে যাবেন”, বলেন রুমিন ফারহানা। তিনি বর্তমানের অথনৈতিক অবস্থা তুলে ধরে বলেন, বাস্তবতার ব্যাপারে চোখ বন্ধ করে রাখলে হবে না।