সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামে এবার একটি আবাসিক ভবন লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে, যার মালিকের প্রবাসী ছেলের কাছে কিছুদিন আগে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।
নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় সোমবার রাতে রুনা টাওয়ার নামের ওই ভবনের গেইটে দুই যুবক গিয়ে গুলি ছোড়ে।
পুলিশ জানায়, ভবন মালিক হাজী ইউনুসের দুই ছেলে প্রবাসী। সম্প্রতি তার বড় ছেলের কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছিল।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে হামজার বাগ এলাকায় রুনা টাওয়ার নামে একটি ভবনের গেইটে দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে। দুই যুবক গিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, ভবন মালিক হাজী ইউনুসের দুই ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী। সম্প্রতি তার বড় ছেলে দেশে এসেছে। তার মোবাইলে কয়েক দিন আগে একটি ইন্টারনেট নম্বর থেকে ভয়েস মেসেজ দিয়ে ৫০ লাখ টাকা দাবি করা হয়েছিল।
“গত রাত সাড়ে ১০টার দিকে দুই যুবক গিয়ে ভবনের প্রহরীর সাথে কথা বলে এবং ফিরে আসার সময় গেইটে দুই রাউন্ড গুলি ছোড়ে।”
উপ কমিশনার স্বপন বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, সবকিছু খতিয়ে দেখছি।”
চট্টগ্রাম নগরীর বায়েজিদ, হামজারবাগ এলাকায় চাঁদার দাবিতে গুলি ছোড়ার ঘটনা বেশ কিছুদিন ধরে আলোচিত। ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তা বেড়ে গেছে বলে ভাষ্য সংশ্লিষ্টদের।
গত ২ জানুয়ারি ও ২৯ ফেব্রুয়ারি স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের কাছ থেকে চাঁদা চেয়ে না পেয়ে দুই দফায় তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
গত ১৩ জুলাই দুপুরে বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় ইন্টারনেট পরিষেবা কোম্পানি ডিডিএন অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে ৩০ লাখ টাকা লুট করা হয়।
পরে কোম্পানির মালিক পক্ষ অভিযোগ করে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের অনুসারী বিদেশে পালিয়ে থাকা মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন এককালীন দুই কোটি টাকা এবং মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন ডিডিএনের মালিক আদিল বিন মাহমুদের কাছে। সেই টাকা না দেওয়ার কারণেই হামলা হয়।
বড় দীঘির পাড় এলাকার পাইকারি চাল ব্যবসায়ী জসীম উদ্দিনের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে গত ২৬ জুলাই হাটহাজারীতে তার নির্মাণাধীন বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।


















































