এ মুহূর্তের সংবাদ

হালদায় আবারও ভেসে উঠল মৃত ডলফিন

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী »

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। গত মঙ্গলবার বিকালে হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের হালদা নদীর অংশ থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

-advertise-

ডলফিনটির মুখে এবং দেহে ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মুখে জাল আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে।
এর আগে, গত ১৩ এপ্রিল একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল। তার আগে গত বছরের ৪ অক্টোবর, ৩০ সেপ্টেম্বর ও ২৭ ডিসেম্বর হালদায় তিনটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। সর্বশেষ মৃত ডলফিন পাওয়ার সাড়ে দেড়মাস পর আবারও আরেকটি মৃত ডলফিন হালদায় ভেসে ওঠে। এ ডলফিনটি লম্বায় ৬০ ইঞ্চি (৫ ফুট) এবং ওজন প্রায় ৩৫ কেজি । সব মিলিয়ে গত ৪ বছরে হালদাতে ৩৫টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এসবের অধিকাংশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানান গবেষকেরা।

এ বিষয়ে নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া বলেন, আইডিএফ স্বেচ্ছাসেবক মো. জসিম উদ্দিনের মাধ্যমে স্থানীয় মেম্বারের সহযোগিতায় হালদা নদীর তীরবর্তী লাঙ্গলমোড়া ইউনিয়নের তেরপালি খালের মুখ থেকে মৃত এ ডলফিন উদ্ধার করা হয়েছে। এটি হালদা রিভার রিসার্চ ল্যাবেটরিতে সংরক্ষণ করা হবে। সুরতহাল অনুযায়ী, ডলফিনটির মুখে এবং দেহে ক্ষতচিহ্ন রয়েছে। মুখে জাল আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।