এ মুহূর্তের সংবাদ

ফটিকছড়িতে বাড়িতে অকটেন মজুদ করতে গিয়ে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় বাড়িতে অকটেন মজুদ করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নাজিরহাট ঝংকার মোড় এলাকায় অবস্থিত জনতা পেট্রোল পাম্পের ম্যানেজার মনুতোষ নাথ (৪২) নিহত হয়েছেন।

একই ঘটনায় তার একমাত্র শিশু সন্তান গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত মনুতোষ নাথ নাজিরহাট পৌরসভার ইমাম নগর এলাকার হরিমোহন নাথের পুত্র।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৪ এপ্রিল) রাতে নাজিরহাট পৌরসভার একটি আবাসিক এলাকায় নিজ বাড়িতে অকটেন সংরক্ষণের কাজ করছিলেন মনুতোষ নাথ। বিদ্যুৎ সংযোগ না থাকায় ঘরে পর্যাপ্ত আলো ছিল না। এ সময় আলো হিসেবে একটি মোমবাতি ব্যবহার করা হচ্ছিল, যা তার শিশু সন্তানের হাতে ছিল বলে জানা গেছে। অকটেন ড্রামে ঢালার সময় হঠাৎ বাতির আগুন থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আগুনের তীব্রতায় মনুতোষ নাথ গুরুতর দগ্ধ হন এবং পাশে থাকা শিশুটিও আগুনে আক্রান্ত হয়।

চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পরে স্থানীয়দের সহায়তায় দগ্ধ অবস্থায় বাবা ও সন্তানকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে প্রেরন করা হলে সেখানে পট্রোল পাম্পের ম্যানেজার মনুতোষ নাথের মৃত্যু হয়।

নাজিরহাট এলাকার একাধিক বাসিন্দা জানান, মনুতোষ নাথ দীর্ঘদিন ধরে জনতা পেট্রোল পাম্পের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এলাকায় শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।