মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
Uncategorized

ফটিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টার প্রতিবাদ

সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি :

---------

ফটিকছড়ি উপজেলা কাঞ্চন ইউনিয়নে গলা কেটে হত্যা চেষ্টা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। বুধবার সকালে ফটিকছড়ি সদরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোজাম্মেল হক চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ৭ জুলাই রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সুন্দরশাহ মাজার গেট স্থানে অতর্কিত হামলা করে মুখোশধারী একদল দুষ্কৃতিকারী। তারা গলায় কিরিচ বসিয়ে জবাই করে দেওয়ার চেষ্টা করে এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। গলায়, পিঠে ও শরীরের বিভিন্ন অংশে ৭টি কোপ রয়েছে। গলার সামনে ও পেছনে রগ কেটে গেছে।

তিনি অভিযোগ করে আরো বলেন, তার পরিবারের সাথে জায়গা জমি নিয়ে প্রতিবেশী শাহজাহানের পরিবারের সাথে বিরোধ চলে আসছে। তিনি বার বার হত্যার চেষ্টা করেছে। হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার করে ন্যায় বিচার দাবি করছি। এদিকে ফটিকছড়ি থানা পুলিশ একজন আসামিকেও গ্রেফতার করেনি।

বরং পুলিশের তৎপরতা না থাকায় উল্টো আসামিরা হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হত্যা চেষ্টার বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গির আলম চৌধুরী, মো. আলমগীর চৌধুরী, মো. ইরফান, মো. আজিজ প্রমুখ।