সুপ্রভাত ডেস্ক >>
দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) হেড অব লিগ্যাল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার আবদুল্লাহ যোবায়ের। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও হোম কেয়ারের জেনারেল কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করবেন। গত ১ আগস্ট থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। পাশাপাশি তিনি ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
নতুন দায়িত্বে আবদুল্লাহ যোবায়ের ইউনিলিভার বাংলাদেশের আইনবিষয়ক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। ব্যবসা, করপোরেট সুশাসন ও নিয়ন্ত্রক বিষয়ক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কৌশলগত আইন পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের আইনগত ঝুঁকি ব্যবস্থাপনাতেও তিনি ভূমিকা রাখবেন।
যোবায়ের ২০২১ সালের আগস্টে সিনিয়র লিগ্যাল কাউন্সেল হিসেবে ইউনিলিভার বাংলাদেশে যোগ দেন। বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি এ পদে কর্মরত ছিলেন। এফএমসিজি ও টেলিযোগাযোগ খাত এবং স্বাধীন আইন পেশায় তার ১৬ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ‘লিংকনস ইন’ থেকে ব্যারিস্টার-অ্যাট-ল এবং ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
ইউনিলিভার বাংলাদেশে কর্মরত অবস্থায় যোবায়ের গুরুত্বপূর্ণ মামলা, সালিশ ও বিরোধ নিষ্পত্তির কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে টেকসই পরিবেশে কোম্পানির কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছেন। প্লাস্টিক ব্যবহারের পর বর্জ্য ব্যবস্থাপনা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের দায়বদ্ধতা (ইপিআর), পণ্যের মানদণ্ড ও শ্রম আইনসহ বিভিন্ন বিষয়ে নিয়ন্ত্রক নীতিবিষয়ক অ্যাডভোকেসি এবং শিল্পখাতের অংশীজনদের সঙ্গে সম্পৃক্ততায়ও তিনি ভূমিকা রেখেছেন।
এ ছাড়া আইনবিষয়ক কার্যক্রমে ডিজিটালাইজেশন ও প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগেও তিনি কাজ করেছেন। ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি করপোরেট সুশাসন ও বিধিবদ্ধ দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন।
ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, আইন বিষয়ে যোবায়েরের বিস্তৃত জ্ঞান ও অভিজ্ঞতার পাশাপাশি ব্যবসা ও কর্পোরেট পরিবেশ সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা রয়েছে। আইন ও বিধিবিধানসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি কোম্পানির সার্বিক কার্যক্রমে সুশাসন জোরদারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনা এবং কোম্পানির দীর্ঘমেয়াদি স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণে ম্যানেজমেন্ট কমিটিতে তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















































