এ মুহূর্তের সংবাদ

সড়কের গর্তে পড়ে ক্ষতিগ্রস্ত গাড়ি, ক্ষতিপূরণ চেয়ে মেয়র শাহাদাতকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম নগরের মুরাদপুর ফ্লাইওভারের মুখে সড়কের গর্তে পড়ে একটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে গাড়ি মেরামতে ব্যয় হওয়া ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

-advertise-

মঙ্গলবার আইনজীবী মো. মীর হাসান বাবুলের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়। নোটিশটি সুপ্রিম কোর্টের আইনজীবী খালেদ মাহমুদ রায়হানের পক্ষে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, খালেদ মাহমুদ রায়হান চট্টগ্রাম নগরের মুরাদপুর সংলগ্ন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হলেও মুরাদপুর ফ্লাইওভারের মুখে দীর্ঘদিন ধরে কার্পেটিং নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।

নোটিশ অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ওই সড়ক দিয়ে হোন্ডা ভেজেল গাড়িতে যাওয়ার সময় একটি বড় গর্তে চাকা পড়ে গাড়ির চাকা, মাডগার্ড, এক্সেল, বাম্পার, সাসপেনশন, স্টিয়ারিং র‌্যাক বক্স, হ্যাঙ্গার ও রংসহ বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব মেরামতে প্রায় ৯১ হাজার টাকা ব্যয় হয়েছে। এ কারণে নোটিশদাতার নিয়মিত কর্মস্থলে যাতায়াতও ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে সাত দিনের মধ্যে ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানানো হয়েছে। অন্যথায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।