এ মুহূর্তের সংবাদ

সাতকানিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস নয়ন একই এলাকার সৌদি প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তাদের সংসারে এক বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নয়ন ও তার শাশুড়ি সকালে একসঙ্গে নাশতা করেন। সকাল ১০টার দিকে শাশুড়ি বাড়ির পাশের জমি থেকে কচুর লতি তুলতে যান। কিছুক্ষণ পর প্রতিবেশীরা জানান, ঘরের ভেতর শিশুসন্তানটি অনবরত কাঁদছে। শাশুড়ি দ্রুত বাড়িতে ফিরে পুত্রবধূকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। গৃহবধূর ব্যবহৃত মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে এবং সেটির তথ্য পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।