এ মুহূর্তের সংবাদ

বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব

আইআইইউসি'র অনলাইন সভায় ভিসি ড. আলী আজাদী

সুপ্রভাত ডেস্ক »

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়া নির্বিঘ্ন রাখা বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাই সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করে যেতে হবে।

-advertise-

গতকাল শুক্রবার বিকালে আইআইইউসি আয়োজিত এক অনলাইন সভায় সাম্প্রতিক ভারি বর্ষণ ও বন্যার কারণে উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা নির্বিঘ্ন রাখতে শিক্ষকদের সবার সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এ কথা বলেন।

আইআইইউসি’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলীর সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে আইআইইউসি’র রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান, সেন্টার পরিচালক, ডিভিশনের প্রধান, প্রক্টর, প্রোগ্রাম সমন্বয়ক, শিক্ষক, কর্মকর্তাসহ অনেকেই অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত ও সচল রাখার জন্য আমাদের সরার প্রাণন্তকর চেষ্টা রয়েছে। পাশাপাশি সম্প্রতি চট্টগ্রামে বন্যা-আক্রান্তদের কথা বিবেচনায় এনে সবাইকে মানবতার কল্যাণের কথা ভাবতে হবে।

সভাপতির বক্তব্যে আইআইইউসি’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী বলেন, দেশে জাতীয় জীবনে এমন কঠিন পরীক্ষা বারবার এসেছে। মহান আল্লাহও আমাদেরকে বারবার উত্তীর্ণ করেছেন। কিন্তু পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য, প্রজ্ঞা এবং সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তাই সমন্বিত পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই অনলাইন সভার আয়োজন করা হয়েছে।

তিনি সশ্লিষ্ট সবার মতামত গ্রহণপূর্বক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর অনুমোদনক্রমে সিদ্ধান্তসমূহ সভায় অবহিত করেন। তিনি সিদ্ধান্ত বাস্তবায়নে সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্তসহ সবাইকে বিশ্ববিদ্যালয়ের কাজের সমন্বয়ের স্বার্থে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।

উল্লেখ্য সভার সিদ্ধান্ত অনুসারে ১১ ও ১২ জুলাই শনিবার ও রবিবার অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। ১৩ জুলাই সোমবার থেকে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষা সমূহের নতুন তারিখ ও সময় যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। ১১ জুলাই দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।