ক্যাম্পাস

রেডিও সাগরগিরি পরিদর্শনে বিজিসি ট্রাস্টের শিক্ষার্থীরা

সুপ্রভাত ডেস্ক >>

তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে কমিউনিটি রেডিও ‘রেডিও সাগরগিরি এফএম ৯৯.২’ পরিদর্শন করেছেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী এ শিক্ষাসফর অনুষ্ঠিত হয়।

---------

বিভাগের চেয়ারম্যান ইনচার্জ ইয়াসির সিলমীর নেতৃত্বে এবং শিক্ষক ও শিক্ষাসফর আয়োজনের আহ্বায়ক সরওয়ার কামালের তত্ত্বাবধানে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুটি বাসে করে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হন শিক্ষক-শিক্ষার্থীরা। সফরে বিভাগের শিক্ষক মুহাম্মদ নাইম উদ্দীন, তাসনুভা তাহসিন, এমাদুল হাসান, জান্নাতুন নাদিয়া নুর ও অতিথি শিক্ষক রাফী তাহসিমা রহিম উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ডে ইপসা এইচআরডিসিতে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাগত জানান ইপসার সীতাকুণ্ড অঞ্চলের ম্যানেজার তোফায়েল ইসলাম, রেডিও সাগরগিরির সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার সঞ্জয় চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে ইপসা এইচআরডিসির সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে ইপসা ও রেডিও সাগরগিরির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। কমিউনিটি রেডিও কীভাবে প্রান্তিক মানুষের জীবনযাত্রা, কৃষি, স্বাস্থ্য ও স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে, সে বিষয়েও আলোচনা করা হয়।

আলোচনা শেষে শিক্ষার্থীরা রেডিও সাগরগিরির অন-এয়ার স্টুডিও, কন্ট্রোল প্যানেল, নিউজ রুম ও অডিও সম্পাদনা কক্ষ ঘুরে দেখেন। কীভাবে একটি অনুষ্ঠান প্রস্তুত, রেকর্ড ও সম্প্রচার করা হয়, তা সরাসরি দেখার সুযোগ পান তারা। এতে সম্প্রচার সাংবাদিকতার ব্যবহারিক দিক সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা আরও স্পষ্ট হয়।

বিভাগের চেয়ারম্যান ইনচার্জ ইয়াসির সিলমী বলেন, “সাংবাদিকতার মতো ব্যবহারিক ও পেশাদার বিষয়ে শুধু তাত্ত্বিক শিক্ষা যথেষ্ট নয়। ফিল্ড ভিজিট ও সম্প্রচার কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।”

শিক্ষামূলক কার্যক্রম শেষে শিক্ষক-শিক্ষার্থীরা মিরসরাইয়ের মহামায়া লেকে যান। সেখানে পাহাড় ও জলঘেরা মনোরম পরিবেশে গান, আড্ডা ও নৌবিহারে অংশ নেন তারা। শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে দিনব্যাপী এ আয়োজন শেষে সন্ধ্যায় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসেন।

সংশ্লিষ্টরা মনে করেন, শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি এ ধরনের বাস্তবভিত্তিক পরিদর্শন শিক্ষার্থীদের সম্প্রচার সাংবাদিকতার দক্ষতা ও ভবিষ্যৎ পেশাগত প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।