নিজস্ব প্রতিবেদক >>
স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা দেশের প্রান্তিক অঞ্চলে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তির সুবিধা ও সচেতনতা পৌঁছে দিতে ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার।
গত ৬ আগস্ট থেকে বগুড়ায় এ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। আগামী তিন মাসে দেশের ২০টিরও বেশি জেলায় ‘হেলথ এক্সপ্রেস’ কার্যক্রম পরিচালিত হবে।
কর্মসূচির আওতায় তৃতীয় ও চতুর্থ স্তরের শহরগুলোতে আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির সরাসরি প্রদর্শনী, ইন্টারঅ্যাকটিভ প্রোডাক্ট ডেমো এবং চিকিৎসকদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণের আয়োজন করা হবে। এর মাধ্যমে চিকিৎসকরা আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি রোগ নির্ণয়ের নির্ভুলতা বাড়াতে পারবেন।
এ ছাড়া চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
উইপ্রো জিই হেলথকেয়ারের আল্ট্রাসাউন্ড বিভাগের বিজনেস হেড অনুপ কুমার রামচন্দ্রন বলেন, “মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি অধিকার। ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচির মাধ্যমে আমরা মাঠপর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে চাই। আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগ তুলে ধরে চিকিৎসকদের সক্ষমতা বাড়ানোই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত চিকিৎসাসেবা সবার জন্য সহজলভ্য করতে চিকিৎসক ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় প্রযুক্তি ও সঠিক জ্ঞান দিয়ে সহযোগিতা করা হচ্ছে। এর মাধ্যমে ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ নিশ্চিত করার লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাবে।
উইপ্রো জিই হেলথকেয়ার জানিয়েছে, স্বাস্থ্যপ্রযুক্তির আধুনিকায়ন, শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। দেশের বিভিন্ন অঞ্চলের চিকিৎসকদের সরাসরি সম্পৃক্ত করে আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির প্রসার এবং বৈষম্যহীন ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা গড়ে তুলতে ‘হেলথ এক্সপ্রেস’ ভূমিকা রাখবে।
























































