সুপ্রভাত ডেস্ক >>
নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে কর্মশালা করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ‘নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে সচেতনতা’ শীর্ষক এ কর্মশালায় শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রামের বিসিক ভবনে আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন, বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির দাম বাড়ার পাশাপাশি এর মজুদও ক্রমেই কমে আসছে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে শিল্পসহ বিভিন্ন পণ্য উৎপাদনে ব্যয় তুলনামূলক বেশি। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে কম খরচে পণ্য উৎপাদন সম্ভব। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়ার পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে শিল্প উদ্যোক্তাদের টিকে থাকা সহজ হবে।
বক্তারা আরও বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে বিসিকের উদ্যোক্তাদের ছোট পরিসরে হলেও নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে এগিয়ে আসা জরুরি। এতে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং পরিবেশের ওপর চাপ কমানো সম্ভব হবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ। বক্তব্য দেন ইডকল চট্টগ্রামের ডেপুটি ম্যানেজার প্রশান্ত চাকমা, পিডিবি চট্টগ্রামের ঊর্ধ্বতন বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল হাসান এবং বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুল হাসান।
বিসিক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক খালেদ মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ। আরও বক্তব্য দেন বিসিক চট্টগ্রাম জেলার ডিজিএম এসএমএম আলমগীরসহ বিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
কর্মশালায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সহযোগী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।























































