সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্ডারওয়্যারের ভেতরে ক্যাপসুলসদৃশ আকৃতিতে লুকিয়ে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক ভারতীয় যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শনিবার (১ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট (জি-৯-৫২৬) চট্টগ্রামে পৌঁছানোর পর ওই যাত্রীকে আটক করা হয়। সংস্থাটির এক প্রেস বিবৃতিতে এসব তথ্য জানা গেছে।
কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল ভারতীয় নাগরিক থামিম আনসারিকে শনাক্ত করে। পরে তাকে তল্লাশি করে তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়। প্যাকিংসহ উদ্ধার হওয়া বস্তুটির ওজন ৪৫৫ গ্রাম পাওয়া গেছে। প্যাকেট অপসারণ করার পর প্রকৃত স্বর্ণের পরিমাণ নির্ধারণের কাজ চলছে। প্রাথমিক হিসাবে, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক ভারতীয় যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এর আগে গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার, নিষিদ্ধ গৌরি ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা।



















































