সুপ্রভাত ডেস্কঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভবনের ছাদ থেকে পড়ে আবির (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিম চাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আবির আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে পরিবারটি পশ্চিম চাল এলাকার গুলবাহার মার্কেট সংলগ্ন সৈয়দ নূরের ভাড়া বাসায় বসবাস করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবির তার মায়ের সঙ্গে ভবনের ছাদে ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

















































