নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামের আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক সহকারী প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে প্রকৌশলীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৭তম ব্যাচের শিক্ষার্থী ও অ্যাল্যামনাইরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
বিবৃতিতে বলা হয়, গত ৯ জুন দুপুরে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে কর্মরত পিডিবির সহকারী প্রকৌশলী মাহাদী হাসান দায়িত্ব পালনকালে একদল সিবিএ সদস্যের হামলা ও লাঞ্ছনার শিকার হন। অভিযোগ রয়েছে, বিএনপির মহানগর শ্রমিক দলের সদস্য ও পিডিবির সাবেক কর্মচারী গাজী আইউব আলীর নেতৃত্বে এ ঘটনা ঘটে।
বুয়েটের ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, মাহাদী হাসান ২০২৪ সালে পিডিবিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন এবং বর্তমানে চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত আছেন। একটি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় প্রায় ৪০ জন সিবিএ সদস্য মিছিল নিয়ে সিস্টেম অ্যানালিস্ট (নির্বাহী প্রকৌশলী)-এর কক্ষে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পাশের কক্ষে অবস্থানরত মাহাদী হাসান পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে উপস্থিত ব্যক্তিদের সংযত আচরণের আহ্বান জানালে কিছু ব্যক্তি তাঁর প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁকে কক্ষের বাইরে টেনে নিয়ে গিয়ে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করা হয়। উপস্থিত কয়েকজন অফিস সহকারীর হস্তক্ষেপে পরিস্থিতি আরও অবনতির হাত থেকে রক্ষা পায়।
বুয়েট শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার ওপর এ ধরনের হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং পেশাগত মর্যাদা, প্রশাসনিক শৃঙ্খলা ও আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। কোনো দাবি-দাওয়া বা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্য থাকলেও তার সমাধান সহিংসতার মাধ্যমে হতে পারে না।
ঘটনার পরিপ্রেক্ষিতে বুয়েটের ১৭তম ব্যাচ পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো— ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগী প্রকৌশলীর ব্যক্তিগত নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা, পিডিসহ সব সরকারি প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ।
বিবৃতিতে বুয়েটের শিক্ষার্থী ও অ্যাল্যামনাইরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত তদন্ত, সুষ্ঠু বিচার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই কর্মক্ষেত্রে আইন, শৃঙ্খলা ও পেশাগত মর্যাদার প্রতি সবার আস্থা আরও সুদৃঢ় হবে।



















































