সুপ্রভাত ডেস্ক »
হাইকোর্ট আজ বৃহস্পতিবার দুপুরে দেশের শতবর্ষী প্রাচীন ব্যবসায়ী সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিল। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতেই পাল্টে যায় দৃশ্যপট! বিকেলে চেম্বার জজ আদালত হাইকোর্টের রায় স্থগিত করে দিয়েছে। এর ফলে আগামী ২৩ মে (শনিবার) চিটাগাং চেম্বারের নির্বাচন হতে আর কোনো বাধা থাকলো না।
ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের উপদেষ্টা ও চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে আজ দুপুরে এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও আবদুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ চিটাগাং চেম্বারের নির্বাচন ৬ মাসের জন্য স্থগিতের আদেশ দেয়।
চেম্বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সম্মিলিত ব্যবসায়ী পরিষদের দুই পরিচালক প্রার্থী এস এম নুরুল হক ও আজিজুল হক এই রিট আবেদন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাইকোর্ট নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার সাথে সাথে ইউনাইটেড বিজনেস ফোরামের উপদেষ্টা আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী চেম্বার জজ আদালতে আপিলের উদ্যোগ নেন। তার নির্দেশে সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী আহসানুল করিম চেম্বার আদালতে আপিলের আবেদন করেন। এরপর বিকেলে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে আগামী ৮ জুন শুনানির দিনক্ষণ নির্ধারণ করে
সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী নির্বাচনের নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছিলো। নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেল পুরোনো তফসিল অনুযায়ী ভোটগ্রহণের পক্ষে ছিলো। চেম্বারের নির্বাচন বোর্ড গত ১৮ মে পুরোনো তফসিল অনুযায়ী ভোটের তারিখ ঘোষণা করে। ২৩ মে ভোটের তারিখ নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ১১ আগস্ট চিটাগাং চেম্বারের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী গত বছরের ১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটের দুই দিন আগে এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন স্থগিতের আদেশ দেয়। এরপর দ্বিতীয় দফায় গত ৪ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন বোর্ড। কিন্তু আপিল বিভাগের নির্দেশে নির্বাচন আবার স্থগিত করা হয়।
গত ২২ এপ্রিল এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনাল বাণিজ্য বিধিমালা-২০২৫ অনুযায়ী নতুন তফসিল ঘোষণা করে চিটাগাং চেম্বারের নির্বাচন অনুষ্ঠানের আদেশ দেয়। বাণিজ্য বিধিমালা-২০২৫ অনুযায়ী চেম্বারের সদস্যদের সরাসরি ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি এবং পরিচালক নির্বাচিত হবে।
কিন্তু চেম্বারের নির্বাচন বোর্ড গত বছরের ১১ ডিসেম্বর হাইকোর্টের আদেশের ভিত্তিতে পুরোনো তফসিল অনুযায়ী ভোটের তারিখ ঘোষণা করে।
এবারের চেম্বারের নির্বাচনে দুটি প্যানেল গঠন হয়েছে। ইউনাইটেড বিজনেস ফোরাম নামের প্যানেলের লিডার হলেন চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হক। এই প্যানেলের উপদেষ্টা হলেন চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। তিনি বর্তমান সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছোট ভাই। আর সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নামের অপর প্যানেলের লিডার হলেন এস এম নুরুল হক। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এস এম ফজলুল হকের ছোট ভাই।
উল্লেখ্য, চিটাগাং চেম্বারের সর্বশেষ ভোটাভুটি হয়েছিল ২০১৩ সালের ৩০ মার্চ। ওই নির্বাচনে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম পরিষদ জয়লাভ করে। তাদের প্রতিদ্বন্দ্বী ছিলো মোরশেদ মুরাদ ইব্রাহীম-আবদুস সালাম ঐক্য পরিষদ। নির্বাচনে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম পরিষদ থেকে ২০ জন এবং মোরশেদ-সালাম পরিষদ থেকে মাত্র চারজন পরিচালক নির্বাচিত হন। এর পরের পাঁচ মেয়াদের নির্বাচনে কোনো ভোটাভুটি হয়নি।

















































