শৈল-সৈকত ও দেশগ্রাম

সীমান্তে বিজিবির পৃথক অভিযান: প্রায় ৬ লাখ ইয়াবা উদ্ধার

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা >>

কক্সবাজার ও বান্দরবানের সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় উখিয়ায় ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। তবে নাইক্ষ্যংছড়িতে উদ্ধার করা ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, অস্ত্র ও গুলির ঘটনায় কাউকে আটক করা যায়নি।

---------

সোমবার (১০ আগস্ট) বিজিবির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উখিয়ার পালংখালী বিওপির জোড়াকাঠি এলাকায় অভিযান চালিয়ে নুর বশর (২২) ও আবুল ফয়েজ (২৫) নামের দুজনকে আটক করা হয়। তাঁদের বহন করা ৩৫ কার্টন থেকে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে ৩৪ বিজিবি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।