সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের বিশিষ্ট মহীয়সী সমাজসেবী, রত্নগর্ভা পুরস্কারে ভূষিত রিজিয়া বেগম (৮৩) শুক্রবার (১৫ মে) বেলা আড়াইটায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি —– রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক সচিব মরহুম দলিলুর রহমানের স্ত্রী।
মৃত্যুকালে মরহুমা চার ছেলে তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা রিজিয়া বেগম সুদীর্ঘ ৩২ বছর বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষিকা ছিলেন। এরমধ্যে রয়েছে নগরীর বাগমনিরাম সিরাজা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পশ্চিম মাদারবাড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।
মরহুমার প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ মাগরিব নগরীর দক্ষিণ খুলশী পাহাড়িকা আবাসিক এলাকায় বাসভবন সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মরহুমের সেজ ছেলে ডা. মুশফিকুর রহমান। এরপর রাত সাড়ে ৯টায় গ্রামের বাড়ি সাতকানিয়ার পশ্চিম নলুয়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে ইমামতি করেন কাফকো মসজিদের ইমাম মুফতি আবুল হোসেন।
উভয় নামাজে জানাজায় মরহুমার আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মীসহ অগণিত এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
তাঁর ইন্তেকালে সর্বমহল থেকে শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।



















































