
সুপ্রভাত ডেস্ক »
২০২৬-২০২৭ সেশনে মিশরের বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
‘সোসাইটি অফ আল আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ শাখার’ পক্ষ থেকে গতকাল রোববার রাতে মিজানুস সালাম ইনস্টিটিউটের হলে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সহযোগিতা করেছে পিএইচপি ফ্যামিলি।
সভায় সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলি, সোসাইটি অফ আল আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ, সুফি মিজান ফাউন্ডেশন এবং মিজানুস সালাম ইনস্টিটিউটের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিঅর রহমান, সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি, সাবেক ভিসি অধ্যাপক মুহিতুল আলম, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, সিরাজুল মোস্তফা, পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম রিংকু, মোহাম্মদ আকতার পারভেজ ও নোভেদ মিজান ইকবাল।
মিজানুস সালাম ইন্টারন্যাশনাল এডুকেশন আ্যন্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারির সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। নাতে রাসূল পরিবেশন করেন মুহাম্মাদ বদিউজ্জামান।
স্বাগত বক্তব্য দেন সোসাইটির সেক্রেটারি মাওলানা সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দীন আল আজহারী।
সভাপতির বক্তব্যে সোসাইটি অফ আল আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ শাখার চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আল আজহার বিশ্ববিদ্যালয় হাজার বছরের পুরোনো বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠার পর থেকে এখানে ভিসি পদে নিয়োগ পেয়েছেন আওলাদে রাসুল। ভিসিকে বলা হয় ইমামুল আজহার। এই বিশ্ববিদ্যালয়ে সত্যিকার অর্থে ধর্মের অমীয় বাণী পড়ানো হয়। সত্যিকার অর্থেই মানবতার শিক্ষা দেওয়া হয়।
পড়তে যাওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, আমাদের জীবনের ব্রত হোক সেখানে পড়ালেখা করে সত্যিকার ধর্মের অমীয় বাণী ছড়িয়ে দেওয়া।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা ডক্টর মোহাম্মদ কামালুদ্দিন আল আজহারী, মাওলানা আবু আহমাদ আল আজহারী; মাওলানা মোহাম্মদ হোসাইন আল আজহারী, ড. মোহাম্মদ ফখরুল ইসলাম আল-কাদেরি, মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক আল আজহারী প্রমুখ।
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের তত্বাবধায়ন ও সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও ‘সোসাইটি অফ আল আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ শাখা’র মাধ্যমে ২৫ জন শিক্ষার্থী উচ্চশিক্ষার্থে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিশ্বের প্রাচীনতম বিদ্যার পাদপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ের জন্য মনোনীত হয়েছেন। তারা সবাই বাংলাদেশের মিশর অ্যাম্বাসি থেকে ভিসা পেয়েছেন। সোসাইটি অফ আল আজহার গ্র্যাজুয়েটস ও পিএচপি ফ্যামিলির সহযোগিতায় এই ধারা প্রতি বছর অব্যাহত রয়েছে। প্রতি বছর এই অর্গানাইজেশনের মাধ্যমে স্কলারশিপ এবং নন স্কলারশিপে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জন করার সুযোগ পাচ্ছেন।
সুফি মোহাম্মদ মিজানুর রহমান ২০১৯ সাল থেকে প্রতি বছর অস্বচ্ছল, মেধাবী, বিনয়ী শিক্ষার্থীদের মধ্যে স্কলারশিপ চলমান রেখেছেন। তাঁর চাওয়া হচ্ছে, শিক্ষার্থীরা দ্বীনের সঠিক জ্ঞান ও সঠিক আক্বীদা অর্জন করে দ্বীন ও মাজহাব মিল্লাতের খেদমত করা।
অনুষ্ঠানে অর্গানাইজেশনের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং বিশেষ উপহার প্রদান করেন।
সবশেষে মিলাদ-কেয়াম ও দোআ-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

















































