সুপ্রভাত ডেস্ক >>
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে চট্টগ্রামের পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে গত রোববার (৩০ আগস্ট) একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য পৃথকীকরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
২০২২ সাল থেকে ইউনিলিভার বাংলাদেশ, চসিক ও ইপসা চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করছে। এ উদ্যোগের আওতায় চসিক এলাকার ১১১টি স্কুল ও মাদ্রাসায় তিন রঙের বর্জ্য পৃথকীকরণ বিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রায় ১১ হাজার ৫০০ শিক্ষার্থীর কাছে সচেতনতার বার্তা পৌঁছানো হয়েছে।
অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান, ফ্যাক্টরি ডিরেক্টর এস এম তারেক সাইফুল্লাহ এবং ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ উদ্যোগের আওতায় চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত ৩৫ হাজার টনের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়া ৩ হাজার বর্জ্যকর্মী ও ২২০ জন ভাঙারি ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষায় আগামী প্রজন্মকে আরও সচেতন ও দায়িত্বশীল করে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।




















































