এ মুহূর্তের সংবাদ

চবির আলাওল হলে ৪ ঘণ্টা তালা

প্রশাসনিক ‘অসহযোগিতার’ অভিযোগ  

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হল প্রভোস্টের বিরুদ্ধে প্রশাসনিক অসহযোগিতা ও বিতর্কিত আচরণের অভিযোগ তুলে হল অফিসে তালা ঝুলিয়েছেন হল সংসদের নেতৃবৃন্দ।

বুধবার (২০ মে) সকাল ১১টা থেকে প্রায় চার ঘণ্টা হলটির নিচতলার অফিসকক্ষ তালাবদ্ধ রাখা হয়।

প্রভোস্টের বিরুদ্ধে হল সংসদকে প্রশাসনিক অসহযোগিতার বিষয়টি একাধিক হল সংসদ প্রতিনিধি জানিয়েছেন।

আলাওল হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নুরুন্নবী বলেন, “নতুন প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকেই হল সংসদের সঙ্গে কার্যত কোনো সমন্বয় করছেন না। ১৫ দিন পার হলেও এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠকে বসেননি।”

জিএস নুরুন্নবীর অভিযোগ, প্রভোস্ট স্পষ্টভাবে জানিয়েছেন হল সংসদের সঙ্গে সভা করা হবে না, কারণ এসব বৈঠকে চা-নাস্তার খরচ হয় এবং এ খাতে কোনো বাজেট নেই। এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে দেখা করতে গেলে তিনি সম্পাদকদের চিনতে পারেন না বলে মন্তব্য করেন এবং তাদের বক্তব্য শুনতেও আগ্রহ দেখান না।”

হল সংসদের নেতাদের দাবি, ডাইনিংসহ বিভিন্ন প্রশাসনিক ও আবাসিক সমস্যা সমাধানে একাধিকবার যোগাযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি প্রভোস্টের অনুমতি ছাড়া কোনো ক্লাব কার্যক্রমও পরিচালনা করা যাচ্ছে না।
তাদের অভিযোগ, প্রভোস্ট রাতে হলে অবস্থান করলেও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় দেন না। বরং সকালেই হল ত্যাগ করেন। এতে করে ছোটখাটো সমস্যাগুলোও দীর্ঘসূত্রতায় পড়ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে আলাওল হল প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ জমালুল আকবর চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে “আমি এখন মিটিংয়ে আছি, পরে কথা বলি” বলে ফোন কেটে দেন।