সুপ্রভাত ডেস্ক »
মানবতাবিরোধী অপরাধের তদন্তের দাবি জানিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।
অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান বলেন, গণঅভ্যুত্থানে এত মানুষ নিহত হলেও রাষ্ট্রের তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মো. সাহাবুদ্দিন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারতেন। কিন্তু সে সময় তিনি কোনো ভূমিকা রাখেননি।
কর্নেল হাসিনুর রহমান আরও বলেন, ৫ আগস্ট পর্যন্ত আয়নাঘর, গুম, খুনসহ বিভিন্ন ঘটনার বিষয়ে তিনি কোনো প্রতিবাদ করেননি। এসব অপরাধে তার মৌন সম্মতি ছিল বলেই আমরা এই অভিযোগ দায়ের করেছি।
এদিন ট্রাইব্যুনালে ব্রিফিংকালে বাংলাদেশ আজাদ পার্টি জানায়, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, গুম-খুনসহ দেশে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের সময় আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধান ছিলেন।
আজাদ পার্টি আরও জানায়, আইনজীবীদের ভাষায় ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ নীতির আলোকে কোনো গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হলে রাষ্ট্র বা সংশ্লিষ্ট পক্ষের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তির ওপরও ওই অপরাধের দায় বর্তাতে পারে।
দলটির পক্ষ থেকে আরও বলা হয়, তৎকালীন রাষ্ট্রপতিরা তিন বাহিনীর সর্বাধিনায়ক হয়েও ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছেন, নিরাপত্তা দিয়েছেন, বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেননি এবং ক্ষমতার সুবিধাভোগী হয়েছেন। তাই তারা এসব অন্যায়ের দায় এড়াতে পারেন না।
এদিকে, গণঅভ্যুত্থানের সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার অভিযোগ এনে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক একটি অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম। অভিযোগটি রোববার (২৬ জুলাই) ট্রাইব্যুনালে দাখিল করা হয়।
















































