সুপ্রভাত ডেস্ক »
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই। তার বাংলাদেশ সফর নিয়মিত কার্যক্রমের অংশ।
মঙ্গলবার সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘরে সপ্তাহে এক দিন সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে জানাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাহেদ উর রহমান বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানা কথা হয়েছিল। শেষ পর্যন্ত সেসব কথা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে। উদ্বোধনের পরপরই জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা অসুবিধা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেই সব সমস্যার সমাধান করা হয়েছে।
তিনি বলেন, জাদুঘরের ব্যবস্থাপনায় যে সমস্যাটি তৈরি হয়েছিল, তার মূল কারণ ছিল দর্শনার্থীদের অতিরিক্ত চাপ। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। ফলে উদ্বোধনের পর বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করায় ব্যবস্থাপনায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল।
তথ্য উপদেষ্টা বলেন, এখন জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটা গুছিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য তুলে ধরতে সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়মিত জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।



















































