এ মুহূর্তের সংবাদ

গবেষণাকে বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগাতে হবে: ইউজিসি সদস্য ড. আইয়ুব

আইআইইউসিতে রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

আইআইইউসি'র রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম

নিজস্ব প্রতিবেদক »

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেছেন, গবেষণা শুধু পেশাগত কাজ নয়; এটি সমাজ ও জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। গবেষণাকে ল্যাব ও জার্নালের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সমস্যা সমাধানে কাজে লাগাতে হবে। বিশুদ্ধ গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণার ওপরও গুরুত্ব দিতে হবে।

-advertise-

সোমবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের (সিআরপি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আইয়ুব ইসলাম বলেন, টেকসই উন্নয়নের ভিত্তি হলো গবেষণা। ভালো গবেষণা ও উদ্ভাবন ছাড়া কোনো জাতি দীর্ঘমেয়াদি উন্নয়ন অর্জন করতে পারে না। এ লক্ষ্যেই সরকার গবেষণা, উদ্ভাবন ও উচ্চশিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান-উপযোগী গ্র্যাজুয়েট তৈরি, নতুন জ্ঞান সৃষ্টি এবং সেই জ্ঞানের কার্যকর বিনিময় নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণাভিত্তিক সংস্কৃতি গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। এ সময় তিনি আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর গবেষণা অবদানের প্রশংসা করে বলেন, হালদা নদী ও মৎস্য প্রজনন বিষয়ে তাঁর গবেষণা জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে, যা তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণা।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেন্ট্রালাইজড সাপোর্ট টু দ্য নেটওয়ার্ক অব ইরাসমাস ন্যাশনাল ফোকাল পয়েন্টসের এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক ড. মো. আশিকুর রহমান। এছাড়া বক্তব্য দেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং প্রফেসর সামসুল আলম।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম বলেন, গবেষণা নতুন জ্ঞান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন, বাস্তব সমস্যার সমাধান এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি গবেষণায় অবদান রাখা শিক্ষকদের অভিনন্দন জানান।

ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান বলেন, গবেষণাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। একটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও মর্যাদা নির্ধারিত হয় তার গবেষণার মান ও শিক্ষার গুণগত উৎকর্ষের মাধ্যমে। তাই তরুণ গবেষকদের দক্ষতা উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথি ড. মো. আশিকুর রহমান বিশ্ববিদ্যালয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা এবং উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, গবেষণা কেবল পদোন্নতি বা স্বীকৃতি অর্জনের মাধ্যম নয়; বরং সমাজ ও মানবকল্যাণে নতুন জ্ঞান সৃষ্টির অন্যতম উপায়। তিনি বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার মাধ্যমে এগিয়ে যাচ্ছে, তাই আইআইইউসিকেও গবেষণায় আরও সমৃদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে গবেষণা ও প্রকাশনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩ জন গবেষককে ক্রেস্ট, সম্মাননাপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রাপ্ত ৯৬টি গবেষণাপত্রের মধ্য থেকে নির্বাচিত ২৩টি গবেষণাপত্রের মধ্যে শ্রেষ্ঠ গবেষণাপত্রের পুরস্কার লাভ করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদ হাসান।#