নিজস্ব প্রতিনিধি, মিরসরাই >>
চট্টগ্রামের মিরসরাইয়ে আবাসিক হোটেল থেকে আমিনুল ইসলাম (৩২) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের হোটেল রিলাক্স জোনের ১০৪ নম্বর কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আমিনুল ইসলাম উপজেলার খৈয়াছরা ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ লাইনে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১০ দিনের ছুটিতে ছিলেন।
এ ঘটনায় তাঁর স্ত্রী তাহমিনা আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের ১০ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার বেলা ২টার দিকে আমিনুল ও তাঁর স্ত্রী হোটেলের ১০৪ নম্বর কক্ষে ওঠেন। সোমবার চেকআউটের সময় দরজায় নক করে কোনো সাড়া না পেয়ে পরে দরজা খুললে তাহমিনাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে আমিনুলের ঝুলন্ত লাশ দেখা যায়।
মিরসরাই-জোরারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে আমিনুলের স্ত্রী সুস্থ হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।




















































